সুইফটের ‘লাভার’

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১১:২৬ পিএম

কিছুদিন আগেই এত দিনের সব অ্যালবামের স্বত্ব হারিয়েছেন টেইলর সুইফট। তার আগের ছয়টি অ্যালবামের স্বত্ব ছিল বিগ মেশিন লেবেলের কাছে। কোম্পানিটি স্বত্ব বিক্রি করে দিয়েছে প্রভাবশালী সংগীত প্রযোজক স্কুটার ব্রাউনের কাছে। স্বত্ব হারানোর পর এবার গানগুলো ফের রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছেন সুইফট। এক সাক্ষাৎকারে সুইফট বলেন, ‘সামনের বছরের নভেম্বর নাগাদ আগের গানগুলো আবার রেকর্ড করার ইচ্ছা আছে।’ এদিকে গতকালই মুক্তি পেয়েছে গায়িকার সপ্তম স্টুডিও অ্যালবাম ‘লাভার’। এ উপলক্ষে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে কনসার্ট করছেন তিনি। গত বৃহস্পতিবার কনসার্ট ছিল নিউ ইয়র্কে। ‘গুড মর্নিং আমেরিকা’ থিমের এই কনসার্টে অংশ নিতে ভোর ৪টা থেকে জড়ো হতে থাকে গায়িকার ভক্তরা। সুইফটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে অনেকেরই খিদে পেয়ে যায়। ভক্তদের জন্য সব সময়ই দিলদরিয়া সুইফটের কাছে পৌঁছায় এ খবর। ব্যস, অপেক্ষারত ভক্তদের পিৎজা খাওয়ানোর সিদ্ধান্ত নেন। টেইলর সুইফটের বাবা স্কট সুইফট এবং দলের লোকজন মিলে ৩০টি পিৎজা পৌঁছে দেন ভক্তদের কাছে।

কোটি সংগীতপ্রেমীর হৃদয়ের রানী টেইলর মাত্র ১০ বছর বয়স থেকেই বিভিন্ন স্থানীয় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতেন। লে অ্যান রাইমস এর ‘বিগ ডিল’ গেয়ে একটি লোকাল ট্যালেন্ট প্রতিযোগিতা জিতে নেন তিনি। ১২ বছর বয়সেই তিনি গিটারের তারের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেন। একই সময়ে গান লিখতেও শুরু করেন ছোট্ট টেইলর। তার প্রথম লেখা গান ছিল ‘লাকি ইউ’। লেখালেখির হাতটা ভালোই ছিল তার; ‘মনস্টার ইন মাই ক্লোজেট’ নামের কবিতাটি লিখে জাতীয় পুরস্কার অনায়াসে বাগিয়ে নেন। শুধু তা-ই নয়, সেই ১২ বছর বয়সেই টেইলর ৩৫০ পৃষ্ঠার একটি উপন্যাসও লিখেছিলেন। কিন্তু এটি তিনি প্রকাশ করেননি। তার অর্জনের ঝুলি দিনকে দিন ভারী হয়েই চলেছে। এখন অবধি তার ঝুলিতে রয়েছে ১০টি গ্র্যামি অ্যাওয়ার্ড, ২৩টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড, ১১টি কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড, ৮টি অ্যাকাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ড, ১৯টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, ১টি ব্রিট অ্যাওয়ার্ড এবং ১টি এমি অ্যাওয়ার্ডসহ আরও অনেক পুরস্কার ও পুরস্কারের মনোনয়ন। ইতিহাসে সবচেয়ে কম বয়সী গ্র্যামি বিজেতা শিল্পীও টেইলর সুইফট। ২০১০ সালে, মাত্র ২০ বছর বয়সে, তিনি এই অর্জন নিজের করে নেন। অনন্যসাধারণ লিখনশৈলী দিয়ে ‘দ্য সংরাইটার্স হল অব ফেম’-এ জায়গাও করে নিয়েছেন সুইফট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত