ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলির মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০১:৪৬ এএম

ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি গতকাল শনিবার মারা গেছেন বলে জানিয়েছে এনডিটিভি। প্রচণ্ড শ্বাসকষ্ট  হওয়ায় গত ৯ আগস্ট নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছিল অরুণ জেটলিকে।

এআইআইএমএস শনিবার এক বিবৃতিতে প্রথম তার মৃত্যুর কথা জানায়। হাসপাতালে ভর্তির পর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গত বছর অর্থমন্ত্রীর দায়িত্বে থাকার সময় অরুণ জেটলির কিডনি প্রতিস্থাপন হয়েছিল। এরপর থেকেই তিনি অসুস্থ ছিলেন।

অরুণ জেটলির বয়স হয়েছিল ৬৬ বছর। পাঁচ বছর অর্থ ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনের পর অসুস্থতার কারণে নিজেই নরেন্দ্র মোদির এবারের সরকারে থাকেননি তিনি। অসুস্থতার কারণে মোদির বিগত সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও এবারের সরকারে থাকেননি। সম্প্রতি তিনিও মারা যান।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তাকে দেখতে গিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ। অরুণ জেটলির মৃত্যুতে শোক জানিয়ে মোদি বলেছেন, তিনি মূল্যবান একজন বন্ধুকে হারালেন।

বিজেপি নেতৃত্বাধীন অটল বিহারি বাজপেয়ির সরকারেও মন্ত্রী ছিলেন পেশায় আইনজীবী অরুণ জেটলি। তার জন্ম ১৯৫২ সালের ২৮ ডিসেম্বর নয়া দিল্লিতে। তার বাবা মহারাজ কিষাণ জেটলিও ছিলেন একজন আইনজীবী। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেন অরুণ জেটলি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা ছিলেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতিও ছিলেন।

আশির দশক থেকে বিজেপিতে সক্রিয় হন অরুণ জেটলি। ১৯৯১ সাল থেকে তিনি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে ছিলেন। ১৯৯৯ সালে বাজপেয়ির সরকারে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান অরুণ জেটলি। পরে আইন মন্ত্রণালয়ের দায়িত্বও পান তিনি। কংগ্রেস আমলে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাজ্যসভায় বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত