২৪ ঘণ্টায় নতুন রোগী কমেছে ২৬৭ জন

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০১:৫২ এএম

সারা দেশে গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এর আগের ২৪ ঘণ্টার তুলনায় ডেঙ্গু রোগী ভর্তি কমেছে ২৬৭ জন। এই সময়ে দেশের হাসপাতালগুলোতে ১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  ভর্তি হয়েছেন। আক্রান্তের হিসাবে চলতি মাসে এটাই সর্বনিম্ন। এর আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৪৪৬ জন, তার আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯৭ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা যায়।

এ ছাড়া সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশ রূপান্তরের হিসাবে চলতি বছর ডেঙ্গুতে সারা দেশে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। তবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ৮০টি সম্ভাব্য মৃত্যু পর্যালোচনা করে ৪৭টি মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে ৬২ হাজার ২১৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ছয় হাজার ২৮৯ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিন হাজার ৫১৮ জন। আর ঢাকা শহরের বাইরের জেলাগুলোতে ও অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৭৭১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৫৫ হাজার ৮৮১ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা শহরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭০ জন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ জন, মিটফোর্ড হাসপাতালে ৫৪ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৪ জন, সোহরাওয়ার্দী হাসপাতালে ৪৮ জন, মুগদা মেডিকেলে ৬৫ জন, কুর্মিটোলা হাসপাতালে ৩০ জন, সিএমএইচে ২৬ জন, হলি ফ্যামিলিতে ১৫ জন, ডেলটা মেডিকেলে ১৬ জন ভর্তি হয়েছেন।

ঢাকা শহরের বাইরে ঢাকা বিভাগ ও অন্যান্য বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬০৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে (শহরের বাইরে) ১৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৪ জন, খুলনা বিভাগে ১৩৮ জন, রংপুর বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, বরিশাল বিভাগে ১০৬ জন, সিলেট বিভাগে ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আরও পাঁচজনের মৃত্যু : আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী ডেঙ্গুতে সারা দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ মাসের এক শিশুও রয়েছে।

রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অজয় দাস (২৫) নামের এক যুবক শনিবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাড়ি চাঁদপুরের মতলব থানার সুজাতপুর গ্রামে। অজয় আশুলিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। স্বজনরা জানান, গত ২০ আগস্ট অজয় ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রথমে তাকে সাভারের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে প্রথমে তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে এবং পরে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছিল।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাহবুব (৩২) নামে এক যুবক শুক্রবার রাজধানীর ডেলটা হেলথ কেয়ার নামের একটি হাসপাতালে মারা যান। তার বাড়ি সোনারগাঁয়ের সনমান্দির এলাকায়। স্বজনরা জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কয়েক দিন যাবৎ অসুস্থ ছিলেন মাহবুব। গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডেলটা হেলথ কেয়ারের আইসিইউতে রাখা হয়।

ডেঙ্গুতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মো. জারিফ হোসেন নামের ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। জারিফ ময়মনসিংহ নগরের শিকারিকান্দা এলাকার মো. আরিফ হোসেনের একমাত্র সন্তান। স্বজনরা জানান, গত রোববার থেকে জারিফের সর্দি ও জ্বর হয়। ওই দিনই জারিফকে ময়মনসিংহের কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত মঙ্গলবার ডেঙ্গু ধরা পড়ে। অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা শিশু হাসপাতালে নেওয়া হলেও আইসিইউতে শয্যা না পাওয়ায় শুক্রবার বিকেলে আবারও ময়মনসিংহ মেডিকেলে ফিরিয়ে আনা হয়। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আবুল কালাম (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ওই শ্রমিকের মৃত্যু হয়। স্বজনরা জানান, কালাম কেরানীগঞ্জের জিনজিরা এলাকার ব্যাটারি তৈরির কারখানায় কাজ করতেন। গত মঙ্গলবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মমতাজ বেগম (৪৫) নামের এক নারী গত শুক্রবার সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান। তার গ্রামের বাড়ি সদর উপজেলার তেজদাসকাঠী গ্রামে। স্বজনরা জানান, এক সপ্তাহ আগে মমতাজ বেগম ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে শের-ই-বাংলা মেডিকেলে স্থানান্তর করা হয়। শুক্রবার অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত