ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করছে ভারত। অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত আছেন অধিনায়ক বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। তাতে অ্যান্টিগা টেস্টে বড় লিডের পথে এগোচ্ছে টিম ইন্ডিয়া।
অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শনিবার তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ তিন উইকেটে ১৮৫ রান। কোহলি ৫১ ও রাহানে ৫৩ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ৭৫ রানসহ এখন পর্যন্ত এগিয়ে দাঁড়িয়েছে ২৬০ রান। হাতে আছে সাত উইকেট।
দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে থিতু হয়ে ফিরেছেন লোকেশ রাহুল (৩৮) ও চেতেশ্বর পূজারা (২৫)। দলটির হারানো তিন উইকেটের মধ্যে দুটিই নিয়েছেন রোস্টন চেইস।
এর আগে আট উইকেটে ১৮৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় স্কোরে আর ৩৩ রান জমা পড়তেই বাকি দুই উইকেট হারিয়ে ফেলে দলটি। ১০ রান নিয়ে ব্যাট করতে নামা জেসন হোল্ডার শেষ পর্যন্ত ৩৯ রান করেন।
ভারতের বোলারদের মধ্যে ইশান্ত শর্মা ৪৩ রানে ৫ উইকেট নেন। দুটি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। একটি উইকেট জাসপ্রীত বুমরাহর।
