ঝিনাইদহে সদরে পুলিশের মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় ২ ‘মাদক ব্যবসায়ীকে’ আটক করা হয়েছে। রোববার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পৌর এলাকার মথুরাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ৬৬ বোতল ফেনসিডিল।
আটকরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মামুনুর রহমান (২৫) ও মকবুল হোসেনের ছেলে জেবুল হোসেন (২৪)।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চুয়াডাঙ্গা থেকে মাদকের একটি বড় চালান ঝিনাইদহে আসছে- এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ মথুরাপুর এলাকায় চেকপোস্ট বসায়।
এসময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি মোটরসাইকেলের গতিরোধ করে তাদেরকে তল্লাশি শুরু করলে আরোহী ২ জন ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে মামুনুর রহমান ও জেবুল হোসেন নামের ২ জন গুলিবিদ্ধ হয়।
পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৬ বোতল ফেনসিডিল। আটকদের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে।
