প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে সরকারের দেওয়া ২ শতাংশ নগদ প্রণোদনার তহবিল চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো প্রবাসী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর পর ব্যাংকগুলো রেমিট্যান্সের অর্থের সঙ্গে নিজস্ব তহবিল থেকে ২ শতাংশ প্রণোদনা দিচ্ছে উপকারভোগীদের। পরে ব্যাংকগুলোকে ওই অর্থ ফেরত দেওয়ার কথা বাংলাদেশ ব্যাংকের। সে জন্য সরকারের কাছে অর্থ চেয়েছে তারা।
চলতি অর্থবছরের বাজেটে রেমিট্যান্সের ওপর ২ শতাংশ নগদ সহায়তা ঘোষণা করে সরকার। ইতিমধ্যে এ বিষয়ে নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে বছরে ১৫০০ ডলার পর্যন্ত রেমিট্যান্স পাঠিয়ে বিনাপ্রশ্নে এই প্রণোদনা পাবেন প্রবাসীরা। তবে এর বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠানোর পর প্রণোদনা পেতে হলে নির্দিষ্ট কিছু কাগজপত্র দেখাতে হবে। গত ১ জুলাই থেকে যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন, তারা এ প্রণোদনা পাবেন।
কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরের বাজেটে রেমিট্যান্সে প্রণোদনা বাবদ ৩০৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে প্রয়োজন হলে এ খাতে বাড়তি অর্থের সংস্থান করা হবে। ব্যাংকগুলো রেমিট্যান্সের বিপরীতে যে প্রণোদনা দিচ্ছে, এই বরাদ্দ থেকেই ব্যাংকগুলোকে সে অর্থ পরিশোধ করবে কেন্দ্রীয় ব্যাংক।
