কলম্বো টেস্টে পিছু ছাড়ছে না বৃষ্টি। তাই চার দিনেও দুই ইনিংস খেলা শেষ হয়নি। তবে চতুর্থ দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে পাহাড় রানের ইঙ্গিত দিচ্ছে নিউজিল্যান্ড। ৫ উইকেটে ৩৮২ রান রান তুলে চতুর্থ দিন শেষ করেছে অতিথিরা।
প্রথম ইনিংসে এরই মধ্যে ১৩৮ রানে এগিয়ে দলটি। নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা থেমেছিল ২৪৪ রানে। রবিবার ম্যাচের চতুর্থ দিনেও প্রথম সেশন খেলা হয়নি। পুরোদিন খেলা ম্যাচের অবস্থান আরও স্পষ্ট হতে পারত। এখন যা বোঝা যাচ্ছে তাতে ম্যাচ হয়তো ড্র’র দিকেই এগিয়ে যাচ্ছে।
তৃতীয় দিন শেষে ল্যাথাম ১১১ এবং ওয়াটলিং ২৫ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিন খেলা শুরু হয় লাঞ্চের পর। দুই সেশনে খেলা হয়েছে ৪৮ ওভর। কিউইরা ল্যাথামের উইকেট হারিয়ে যোগ করেছে আরও ১৮৪ রান।
ল্যাথাম থেমেছেন ১৫৪ রানে। এরপর কলিন ডি গ্র্যান্ডহোম ও বিজে ওয়াটলিং ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থেকে এরই মধ্যে যোগ করেন ১১৩ রান। ওয়াটলিং ৮১ ও গ্র্যান্ডহোম অপরাজিত আছেন ৮৩ রানে। শ্রীলঙ্কার পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন দিলরুয়ান পেরেরা।
দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে শ্রীলঙ্কা।
