দ্বিতীয় ম্যাচেও বিশাল জয় কিশোরদের

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১২:২২ এএম

অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশের ধারাবাহিকতা চলছে। শিরোপা ধরে রাখার মিশনে টানা দ্বিতীয় জয় তুলেছে কিশোর ফুটবলাররা। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এবারের জয় ৭-১ গোলের। হ্যাটট্রিকসহ একাই ৪ গোল করেছেন আল আমিন রহমান। এছাড়া রাকিবুল ইসলাম, আল মিরাদ ও গোলাম রাব্বি বাকি তিন গোল করেন। এতে স্বাগতিক ভারতের সঙ্গে ২ ম্যাচ থেকে সমান ৬ পয়েন্ট নিয়ে ফাইনালের পথে বেশ এগিয়ে বাংলাদেশ।

টুর্নামেন্টে ভারতের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ দু’বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরে রাখলে একক ভাবে সর্বোচ্চ শিরোপা জয়ী হবে দলটি। সে লক্ষ্যে মসৃণ পথেই এগোচ্ছে মোস্তাফা আনোয়ার পারভেজের দল। গত ম্যাচের চেয়ে এবারের জয় বেশি ব্যাবধানে হওয়ায় খুব খুশি বাংলাদেশ কোচ, ‘দল গত ম্যাচের চেয়ে বড় ব্যবধানে জিতেছে। এটা আমাদের জন্য দারুণ খবর। ছেলেরা যে কষ্টটা করছে তার ফল পাচ্ছে। আসরে ভালো করার জন্য এই আত্মবিশ্বাস বা শিক্ষাটা ওদের জন্য খুব দরকার হবে। এরপরও কিছু কিছু জায়গায় উন্নতির সুযোগ আছে। আমরা তা নিয়ে কাজ করব।’

এদিকে রাজশাহী নওগাঁর ছেলে আল আমিন ইতিমধ্যেই টুর্নামেন্টের সেরা গোল স্কোরার হয়ে গেছেন। সর্বোচ্চ ৫ গোল করা এই কিশোরের পরে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরারও একজন বাংলাদেশি। আল মুরাদ ৩ গোল। শ্রীলঙ্কার সঙ্গে হ্যাটট্রিক করা বিকেএসপির ছাত্র আল আমিন জানান, ‘মোট ৫ গোল ও এই ম্যাচে চারটি গোল করা আমার জন্য খুবই আনন্দের। দলকে এগিয়ে নিতে পারা আমাকে তৃপ্তি দেয়। অবশ্যই এর ধারাবাহিকতা রাখার চেষ্টা থাকবে।’ ভুটানকে ৫-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লঙ্কাকে দাঁড়াতেই দেয়নি তারা। ম্যাচের প্রথমার্ধেই আল আমিন দুটি (৩২ ও ৪৪) ও রকিবুল (৪২)-মিরাদ (৪৮) মিলে ৪ গোলে এগিয়ে দেন দলকে। পরে আল আমিন ৬০ ও ৭১ মিনিটে আরও দুটি এবং রাব্বি ৬৭ মিনিটে গোল করেন। আগামী মঙ্গলবার তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত