মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) কক্ষে গিয়ে বিভিন্ন দাবি জানিয়েছে ছাত্রলীগ। এ সময় সংগঠনটির নেতারা মাউশির ‘বিএনপি-জামায়াতপন্থি কর্মকর্তাদের’ চিহ্নিত করে বদলির দাবি জানান। গতকাল রবিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের অন্তত একশ নেতাকর্মী মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুকের কক্ষে প্রবেশ করেন।
গত ২১ আগস্ট এক অনুষ্ঠানে মাউশির পরিচালক জাহাঙ্গীর হোসেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের গ্রেনেড হামলায় হত্যাকা-কে ‘নিছক দুর্ঘটনা’ হিসেবে বর্ণনা করেন বলে গণমাধ্যমে খবর আসে। পরে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে শিক্ষা মন্ত্রণালয়।
ছাত্রলীগ নেতারা মাউশি ডিজির কাছে জানতে চান, পরিচালক জাহাঙ্গীরকে কেন এখনো বরখাস্ত করা হয়নি? ছাত্রলীগ সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান তারেক বলেন, ‘আপনার যেসব কর্মকর্তা জাতির পিতা হত্যাকাণ্ড ও ২১ আগস্টের হত্যাকাণ্ডকে ‘নিছক দুর্ঘটনা’ মনে করেন তাদের শাস্তি দেওয়ার দায়িত্ব আপনার।’ তিনি শিক্ষা ভবনে কর্তব্যরত ‘বিএনপি-জামায়াতপন্থিদের’ অন্যত্র বদলির দাবি জানান। গোলাম ফারুক ছাত্রলীগ নেতাদের কাছে ‘জামায়াতপন্থি’ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নাম জানতে চান। তখন ছাত্রলীগ নেতারা ডিজিকে উদ্দেশ করে বলেন, ‘আপনার দপ্তরে কে কে জামায়াতপন্থি এটা বের করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মোল্লা বলেন, ‘শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে জামায়াতপন্থিরা। তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে প্রকল্প কৌশলে আটকে দেয়, ১৫ ও ২১ আগস্টের নির্মম হত্যাকাণ্ড নিয়ে মশকারা করে এবং শিক্ষা ক্যাডারে কর্মরত ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডের কর্মকর্তাদের দেখে নেওয়ার হুমকি দেয়।’ ডিজি ছাত্রলীগের দাবিগুলো শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে জানাবেন এমন আশ্বাস পেয়ে শিক্ষা ভবন ত্যাগ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
