ফুলবাড়ী দিবস আজ

এশিয়া এনার্জির সাজাসহ ছয় দফা বাস্তবায়নের দাবি

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০২:০৪ এএম

আজ ২৬ আগস্ট। ২০০৬ সালের আজকের দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ী কয়লা উত্তোলনের প্রতিবাদে গড়ে ওঠে ঐতিহাসিক গণ-আন্দোলন। সেই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ হারান তিন আন্দোলনকারী। আহত হয় অসংখ্য সাধারণ মানুষ। এরপর থেকে এ

দিনটিকে ফুলবাড়ী দিবস হিসেবে পালন করে আসছে ফুলবাড়ীবাসী এবং তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। এবারের দিবসটিতে ফুলবাড়ীবাসীর সঙ্গে করা ছয় দফা চুক্তি বাস্তবায়ন এবং জালিয়াত ও প্রতারক জিসিএম (এশিয়া এনার্জি) কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। দিবসটি উপলক্ষে ফলবাড়ীসহ রাজধানীতে হাতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

২০০৬ সালের ২৬ আগস্টের ওই ঘটনার পরে ফুলবাড়ীবাসীর টানা ৪ দিনের আন্দোলনের মুখে তৎকালীন সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে ছয় দফা একটি সমঝোতা চুক্তি করে। এরপর থেকে স্থানীয়ভাবে গঠিত অরাজনৈতিক সম্মিলিত পেশাজীবী সংগঠন এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সেই ছয় দফা চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।

এদিকে ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০ অক্টোবর এশিয়া এনার্জির মাঠ কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে আন্দোলকারী সংগঠনের ১৯ নেতার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। বর্তমানে এ মামলা দুটি বিচারাধীন রয়েছে। এবারের দিবস সামনে রেখে ওই মামলাও প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব ও সিপিবি ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জামান জামান বলেন, ছয় দফা চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে দিবসটি সামনে রেখে গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জালিয়াত ও প্রতারক জিসিএম কোম্পানির বিরুদ্ধে সরকারকে আইনগত ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে ফুলবাড়ী চুক্তি বাস্তবায়ন করতে হবে।

বিবৃতিতে সাইফুল হক বলেন, এশিয়া এনার্জি জিসিএম নাম নিয়ে ফুলবাড়ীর কয়লা নিয়ে প্রতারণা ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি গ্লোবাল কোল ম্যানেজমেন্ট জিসিএমের সঙ্গে সরকারের কোনো চুক্তি না থাকলেও ফুলবাড়ীর কয়লাকে পুঁজি করে লন্ডন স্টক এক্সচেঞ্জে তারা পুরোদমে শেয়ার ব্যবসা করে যাচ্ছে। এ অবস্থায় জালিয়াত জিসিএম কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কর্মসূচি

আজ সোমবার ফুলবাড়ী আন্দোলনের তিন শহীদের স্মৃতিস্তম্ভে পূষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভার কর্মসূচি হাতে নিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখা। বিকেল ৪টায় শহরের নিমতলা মোড়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সভায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দিনাজপুর জেলা, পার্বতীপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর ও বিরামপুর উপজেলার নেতারা উপস্থিত থাকবেন বলে সংগঠন সূত্রে বলা হয়েছে।

এ ছাড়া ঢাকায় বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ফুলবাড়ী অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত