তুলুজকে ৪-০ গোলে হারানোর ম্যাচে কিলিয়ান এমবাপে এবং এডিনসন কাভানিকেও ‘হারিয়েছে’ পিএসজি। বড় ধরনের ইনজুরির মুখে পড়েছেন ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের দুই তারকা ফুটবলার।
কাভানি মাঠ ছাড়তে বাধ্য হন ১৪ মিনিটের সময়। উরুর সমস্যায় এমবাপেকে ওঠানো হয় দ্বিতীয়ার্ধে।
এমন ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে নেইমারহীন পিএসজি। জোড়া গোল করেন এরিক মাক্সিম চুপো-মোটিং। একবার জালের দেখা পান মার্কিনিয়োস, অন্যটি আত্মঘাতী। ব্যবধান আরও বাড়তো যদি ডি মারিয়া পেনাল্টি মিস না করতেন।
অনিশ্চিত ভবিষ্যতের কারণে নেইমারকে ‘পরবাসী’ করে রেখেছে পিএসজি। তাকে ছেড়ে দেবে তারা। নেইমার নিজেও আর থাকবেন না। এমন আলোচনার ভেতর তাকে মাঠ নামানো হচ্ছে না।
এই জয়ের পর লিগ-১’এ তিন নম্বরে উঠে এসেছে পিএসজি।
এমবাপে এবং কাভানির সর্বশেষ অবস্থা এই প্রতিবেদন লেখার সময় জানা যায়নি। ফ্রান্সের একটি স্পোর্টস সাইট তাদের ম্যাচ রিপোর্টে লিখেছে, ‘কয়েক ম্যাচের’ জন্য দুজনের যে কেউ ছিটকে যেতে পারেন।
