সিপিএলে খেলার অনাপত্তিপত্র মেলেনি আফিফের

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১১:৪২ পিএম

৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। এবারের আসরের জন্য বাংলাদেশের তরুণ তারকা আফিফ হোসেনকে দলে ভিড়িয়েছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। কিন্তু এই মুহূর্তে শ্রীলঙ্কা ইমার্জিং দলের হয়ে খেলা এই তরুণকে সিপিএলে খেলার অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

একদিকে ইমার্জিং দলের ব্যস্ততা, অন্যদিকে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্যও নির্বাচকদের ভাবনায় আফিফ। এ কারণেই তার সিপিএলে খেলার অনাপত্তিপত্র মেলেনি। তবে সে নিয়ে চিন্তিত নন আফিফ। ১৯ বছর বয়সীর ভাবনা জুড়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফের সুযোগ করে নেওয়া।

বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে আফিফের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার প্রায় সবকিছু চূড়ান্ত ছিল। কিন্তু তকে অনাপত্তিপত্র না দেওয়ার বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম বলেন, ‘আমরা তাকে এনওসি (অনাপত্তিপত্র) দিইনি। সে এই মুহূর্তে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে খেলছে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্যও নির্বাচকরা তাকে বিবেচনায় রেখেছেন। তাই আমরা চাচ্ছি তাকে ধরে রাখতে।’

দেশের হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছেন আফিফ। গত বছর শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে তার অভিষেক। ম্যাচটাতে মোটেও নিজের প্রতিভার ছাপ রাখতে পারেননি আফিফ। ২ বল খেলে ফেরেন শূন্য রানে। ২ ওভার বল করে অবশ্য ১ উইকেট নিয়েছিলেন ২৬ রান খরচায়।

কিন্তু এর পর আর সুযোগ মেলেনি তার। আফিফের ভাবনায় তাই আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে সুযোগ করে নেওয়া। ক্যারিবিয়ান লিগে খেলতে না পারা নিয়ে ভাবছেন না তাই, ‘আমি খেলতে যাব কি যাব না এ নিয়ে নিশ্চিত না। কারণ আমি এনওসি পাইনি। অনেক দিন আগে আমি আপিল করেছিলাম। তারা আমাকে জানাবে, এর বাইরে কিছু বলেনি।’

 ‘আমার এ নিয়ে কোনো সমস্যা নেই। কারণ আমি এই মুহূর্তে দেশের হয়ে (বাংলাদেশ ইমার্জিং দল) প্রতিনিধিত্ব করছি।’- যোগ করে বলেন আফিফ।

শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেছেন আফিফ। এখন খুলনায় প্রথম চার দিনের ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছেন। সেপ্টেম্বরের শুরুতেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।

আফিফ নির্বাচকদের পরিকল্পনায় আছেন কিনা সে নিয়ে নির্বাচক হাবিবুল বাশার বাশারের মন্তব্য এমন, ‘অবশ্যই তাকে নিয়ে আমরা ভাবছি। সে দুর্দান্ত এক খেলোয়াড়। হাই পারফরম্যান্স এবং ‘এ’ দল উভয় ক্ষেত্রেই তাকে নিয়ে কাজ করা হয়েছে। আমরা ভবিষ্যতের জন্যই তাকে তৈরি করছি।’

তবে ত্রিদেশীয় সিরিজেই ‍সুযোগ পাবেন কিনা সে বিষয়ে হাবিবুলের মন্তব্য, ‘আসন্ন সিরিজেই তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে কিনা সেটি বলা সহজ নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত