শোক দিবসের আলোচনায় অর্থমন্ত্রী

অগ্রযাত্রায় শ্রেণিভেদ থাকবে না

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১২:২৭ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজ ও আগামীর সেতুবন্ধন উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামীর পরিকল্পনায় শহর-গ্রামের ভেদাভেদ থাকবে না। ধনী-দরিদ্রের বৈষম্য থাকবে না। উন্নয়ন অগ্রযাত্রায় সব শ্রেণিকে সম্পৃক্ত করতে হবে। যাদের জন্য উন্নয়ন, তারা যেন বঞ্চিত না হন, সেজন্য তাদের সম্পৃক্ত করেই উন্নয়ন পরিচালনা করতে হবে।

সচিবালয়ে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের মায়েরা তাদের সন্তানদের কোলে নিয়ে বলে, বাবা তুমি বড় হয়ে জর্জ ওয়াশিংটন হবে, দক্ষিণ আফ্রিকার মায়েরা বলে, বাবা তুমি বড় হয়ে নেলসন ম্যান্ডেলা হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, আমাদের মায়েরা বলতে পারে না যে তুমি বড় হয়ে বঙ্গবন্ধু হবে। কারণ কিছু কুচক্রী আমাদের সেই জায়গায় পৌঁছতে দেয়নি। কিন্তু তারা জানে না, জাতির পিতাকে কখনো জাতির কাছ থেকে দূরে রাখা যায় না, বঙ্গবন্ধুকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। তিনি আছেন, তিনি থাকবেন। তিনি আমাদের বিশ্বাস, তিনিই লাল-সবুজের বাংলাদেশ। তিনি প্রতিটি ক্ষেত্রে ঘুরে-ফিরে আমাদের মাঝে ধরা দেবেন। শত শত বছর পরও যারা পৃথিবীতে আসবে তাদের মাঝেও তিনি থাকবেন।

আলোচনা সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং অর্থ বিভাগের সচিব আবদুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত