উখিয়ায় ‘রোহিঙ্গাদের জন্য তৈরি’ ৫০০ চাপাতি উদ্ধার

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০১:৪৬ এএম

জেলার উখিয়ায় এক কামারের দোকানে অভিযান চালিয়ে ৫০০ চাপাতি উদ্ধার করা হয়েছে। ওই অভিযানের নেতৃত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড ফখলুল ইসলাম জানিয়েছেন, ‘মুক্তি’ নামে স্থানীয় একটি এনজিওর কর্মী রোহিঙ্গাদের জন্য এসব চাপাতি বানাতে দেন বলে জানা গেছে। এ বিষয়ে মুক্তির পক্ষে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার কোটবাজার ভালুকিয়া সড়কের ওই দোকানে অভিযান চালানো হয়। এসি ল্যান্ড ফখলুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই দোকানে অভিযান চালানো হয়। সাইফুল্লাহ নামে এক ব্যক্তি এসব চাপাতি রোহিঙ্গাদের জন্য বানাতে দিয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এই দোকানে ২ হাজার ৬০০টির মতো চাপাতি বানাতে দেওয়া হয়েছিল। এগুলো ৯ আগস্ট সাপ্লাই দেওয়ার কথা ছিল।’ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

দোকানি অধীর দাস সাংবাদিকদের বলেন, ‘মুক্তি নামে একটি এনজিও সংস্থার লোক পরিচয়ে ভালুকিয়ার বাসিন্দা সাইফুল্লাহ এক মাস আগে ২ হাজার ৬০০ পিস চাপাতি তৈরির অর্ডার দেন। এর জন্য আমাকে ৩০ হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন। এর বাইরে কিছু জানি না।’

উখিয়া থানার ওসি মো. আবুল মনছুর জানান, চাপাতিগুলো জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত