কাশ্মীর সমস্যা

ভারত-পাকিস্তান নিজেরাই মেটাতে পারে : ট্রাম্প

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০১:৫০ এএম

কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তান নিজেরাই মেটাতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে এএফপি।

গতকাল সোমবার জি-৭ সম্মেলনের মধ্যে এক বৈঠকে ট্রাম্প ও মোদি কথা বলেন। এ সময় তাদের মধ্যকার আলোচনায় দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু ছাড়াও কাশ্মীর প্রসঙ্গ ছিল। ট্রাম্প বলেছেন, ভারত-পাকিস্তান নিজেরাই এ বিরোধ মেটাতে পারে। তবে প্রয়োজন পড়লে ট্রাম্প তাদের সহায়তা করতে প্রস্তুত বলেও ফের জানিয়েছেন। যদিও কাশ্মীর ইস্যুটি দ্বিপক্ষীয় এবং এতে মধ্যস্থতার প্রয়োজন নেই বলে ট্রাম্পকে বুঝিয়ে দেন মোদি। কাশ্মীর নিয়ে তিনবার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীরকে কখনো তিনি ‘জ¦লন্ত সমস্যা’ আবার কখনো ‘দ্বিপক্ষীয় সমস্যা’ বলেছেন তিনি। কিন্তু ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে কাশ্মীর ইস্যুতে ভারতের সুরেই সুর মেলালেন ট্রাম্প।

বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত ও পাকিস্তানের সব ইস্যু দ্বিপক্ষীয়। তাতে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা বরদাশত করা হবে না। আমরা বিশ্বাস করি, দুই দেশের সমস্যা আমরা নিজেরাই আলোচনা করতে ও সমাধান করতে পারি।’

ওই সংবাদ সম্মেলনেই ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সত্যিই মনে করেন, তিনি কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। ভারত পাকিস্তানের সঙ্গে কথা বলছে। আমার স্থির বিশ্বাস, তারা এমন কিছু করতে সক্ষম হবে যা বেশ ভালো।’

পরে সংবাদ সম্মেলনে মোদি জানান, ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় ইস্যুতে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা বরদাশত করা হবে না। দুই দেশের সমস্যা নিজেরাই আলোচনা করে সমাধান করার ব্যাপারে বিশ্বাসী বলেও জানান তিনি।

ওদিকে ট্রাম্পও সাংবাদিকদের বলেন, তারা কাশ্মীর নিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে বলেছেন, তিনি কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। তাই এ বিষয়ে বিশ্বের অন্য কোনো দেশের আর কষ্ট করার প্রয়োজন নেই। ভারত-পাকিস্তান একসঙ্গে আলোচনা করে নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম বলে তিনি বিশ্বাস করেন।

৫ অগাস্ট ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্প বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার অনুরোধ জানিয়েছেন। তখন সে কথা নিয়ে ভারতে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল।

ভারত ট্রাম্পকে মধ্যস্থতার অনুরোধ জানানোর কথা অস্বীকার করে। তার পরও ট্রাম্প বলেছিলেন, কাশ্মীর বিরোধে তিনি মধ্যস্থতা করতে চান। তবে এবার আর সেই প্রসঙ্গ তোলেননি ট্রাম্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত