হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের তৃতীয় টেস্টে বেন স্টোকসের মহাকাব্যিক এক ইনিংসে জয় পায় ইংল্যান্ড। স্টোকসের ইনিংসটিকে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা বলে আখ্যা দিচ্ছেন অনেকেই। দারুণ এই ইনিংসের ছাপ পড়েছে টেস্ট র্যাঙ্কিংয়েও।
হেডিংলি ও কলম্বো টেস্টের পর মঙ্গলবার সর্বশেষ হালনাগাদ হয়েছে টেস্ট র্যাঙ্কিংয়ে। যেখানে অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন স্টোকস। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে। বাংলাদেশ টেস্ট অধিনায়কের অবস্থান এখন তিনে। স্টোকস একই সঙ্গে ব্যাটসম্যানদের তালিকায় ঢুকেছেন সেরা পনেরোতে।
হেডিংলিতে দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন স্টোকস। সঙ্গে ম্যাচে নেন ৪ উইকেট। দারুণ ব্যাটিংয়ে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে ওঠে এসেছেন স্টোকস। ক্যারিয়ারসেরা ৬৯৩ রেটিং পয়েন্ট তার। অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও ক্যারিয়ার সেরা ৪১১ রেটিং পয়েন্ট অর্জন করে দুই ধাপ এগিয়েছেন। সাকিব আল হাসান তিনে এবং রবীন্দ্র জাদেজাকে ঠেলে দিয়েছেন চারে। স্টোকসের ওপরে এখন শুধু জ্যাসন হোল্ডার।
এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে ৪০ ধাপ এগিয়েছেন জোফরা আর্চার। লর্ডস টেস্টে অভিষেক হয়েছিল তার। হেডিংলিতে প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। যা তাকে ৪৩তম স্থানে তুলে এনেছে। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ রানে ৫ উইকেট শিকার করা জসপ্রিত বুমরাহ প্রথমবারের মতো সেরা দশে ঢুকেছেন। ক্যারিয়ারসেরা ৭৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অবস্থান তার।
হেডিংলিতে দুই ইনিংস মিলে ৯ উইকেট শিকার করা অজি পেসার জস হ্যাজলউড তিন ধাপ এগিয়েছেন। এখন তার অবস্থান ১২তম। ভারতীয় পেসার ইশান্ত শর্মা ক্যারিয়ার সেরা ৬৭১ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ২১তম স্থানে।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক গড়া ট্রেন্ট বোল্ট ৫ নম্বরে ওঠে এসেছেন। যথারীতি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন প্যাট কামিন্স।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যেখানে এগিয়েছেন দিমুথ করুনারত্নে, জো রুম ও টম ল্যাথাম। ছয়ে ওঠে এসেছেন লঙ্কান অধিনায়ক করুনারত্নে। জো রুট আছেন সাতে। কলম্বো টেস্টে কিউইদের জয়ের নায়ক টম ল্যাথাম পাঁচ ধাপ এগিয়ে আটে অবস্থান করছেন।
সেরা দশ থেকে জায়গা হারিয়েছেন আজিঙ্কা রাহানে। ১১ নম্বরে নেমে গেছেন তিনি। হানুমা বিহারি ৪০ ধাপ এগিয়ে ৭০ নম্বরে অবস্থান করছেন। আর অ্যাশেজে টানা তিন ইনিংসে ফিফটি করে মারনাস লাবুশেন এগিয়েছেন ৪৫ ধাপ। ৩৭তম স্থানে তার অবস্থান।
