বিদ্যাকে হোটেলে ডেকেছিলেন পরিচালক!

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১০:০৭ পিএম

বলিউডে কাস্টিং কাউচ আছে এ বিষয়ে অনেক নায়িকাই জানিয়েছেন আগে। কাস্টিং কাউচের মুখে পড়েছিলেন বলিউডের রিচা চাড্ডা থেকে শুরু করে স্বরা ভাস্কর এমনকি হালের আলিয়া ভাটরাও। এবার মুখ খুললেন বিদ্যা বালান। এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, দক্ষিণী সিনেমায় অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরুর কথা ছিল তার। এক পরিচালকের সঙ্গে দেখা করতে চেন্নাইয়ে গিয়েছিলেন তিনি। কথা ছিল তারা কোনো কফিশপে বসবেন। কিন্তু ওই পরিচালক তাকে নিজের হোটেলের ঘরে নিয়ে যাওয়ার জন্য জোর করতে শুরু করেন। বিদ্যা বালান বলেন, ‘এমন কথা শুনে আমি চমকে যাই। পরে ওই পরিচালকের কথা মতো তার হোটেলের রুমে গিয়ে বসলেও কয়েক মিনিটের মাথায় বের হয়ে আসি আমি।’ সম্প্রতি মুক্তি পাওয়া ‘মিশন মঙ্গল’ অভিনেত্রী বলেন, ‘ওইদিন হোটেলের ঘরের দরজা খোলাই রেখেছিলাম। ফলে পরিচালক সেখান থেকে ৫ মিনিটের মধ্যে বেরিয়ে যান। বলিউডে ১৫ বছর কাটানোর পর সেই ঘটনার কথা মনে পড়লে এখনো ভয় লাগে আমার।’

পরে দক্ষিণী সিনেমায় অভিনয় না করলেও ‘পরিণীতা’ সিনেমা দিয়ে পা রাখেন বলিউডে। ‘ডার্টি পিকচার’, ‘কাহানি’, ‘তুমহারি সুলু’, ‘ভুলভুলাইয়া’র মতো একের পর এক সিনেমায় দাপট দেখিয়েছেন। এখন দেখাচ্ছেন ‘মিশন মঙ্গল’ সিনেমাটি দিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত