ভারতের বাজারে ওয়ালটনের তৈরি পণ্য বাজারজাত করবে সে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘রিলায়েন্স রিটেইল লিমিটেড’।
গত শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মেলনকক্ষে রিলায়েন্স এবং ওয়ালটনের মধ্যে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম এবং রিলায়েন্সে রিটেইল লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ মার্কেটিং অফিসার (সিএমও) কৌশল নেভ্রেকার। চুক্তি অনুযায়ী প্রাথমিক ধাপে ওয়ালটনের কাছ থেকে ফ্রিজ, টিভি ও এয়ারকন্ডিশনার নিচ্ছে ‘রিলায়েন্স’। এছাড়া ওয়ালটনের ওয়াশিং মেশিনসহ বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সও নেওয়ার পরিকল্পনা রয়েছে।
কৌশল নেভ্রেকার বলেন, ভারতে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের বার্ষিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের বাজার রয়েছে। বিশাল সম্ভাবনাময় এই বাজারের সিংহভাগ মার্কেট শেয়ার অর্জনের লক্ষ্যে ওয়ালটনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার হিসেবে বেছে নিয়েছে রিলায়েন্স। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম বলেন, বাংলাদেশের ইলেকট্রনিকস খাতের শীর্ষ অবস্থানে পৌঁছানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতের বাজারেও অন্যতম শীর্ষে পৌঁছতে সক্ষম হবে রিলায়েন্স ও ওয়ালটন। সেই লক্ষ্যে ভারতে শিগগিরই একটি গবেষণা ও উন্নয়ন (আরএনডি) সেন্টার চালু করার উদ্যোগ নিচ্ছে ওয়ালটন।
