ইনজুরির কারণে রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার একাদশে ছিলেন না লিওনেল মেসি। ছিলে না লুইস সুয়ারেসও। তারও ইনজুরি। তবে দুজনই দর্শকসারিতে বসে উপভোগ করেন খেলা। সঙ্গে ছিল তাদের সন্তানরা।
রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে মেসি ও সবাইকে চমকে দেন পুত্র মাতেও। বার্সার গোল খাওয়া দেখে বাবার কোলে বসেই উচ্ছ্বাস শুরু করে দেন মাতেও। যা দেখে বেশ মজা পেয়েছেন লুইস সুয়ারেস সহ পাশে থাকা অন্যরাও।
ম্যাচটিতে ৫-২ গোলে জয় তুলে নেয় বার্সেলোনা। বেসিতের হয়ে ফেকির যখন গোল করেন, তখন সুয়ারেসের হতাশ মুখটা টিভি পর্দায় ধরা পড়ে। পাশেই বসা মেসিকেও দেখা যায়। কিন্তু মেসিকে ওই গোল হজম যতটানা অবাক করে, তার চেয়েও অবাক করে পুত্র মাতেও’র কাণ্ড।
মেসির কোলে বসেই হাত তুলে উচ্ছ্বাস শুরু করে মাতেও। মেসি পুত্রের কাণ্ডে প্রথমে অবাক হন পাশেই থাকা সুয়ারেস। পরে হেসে ফেলেন। কৃত্রিম রাগও দেখান। মেসি নিজেও হাসছিলেন। সবার প্রতিক্রিয়ায় মাতেও যখন বুঝতে পারে বিষয়টা, তখন লজ্জায় লাল হয়েছে সে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মেসির তিন পুত্রের মধ্যে মাতেও দ্বিতীয়। সবার ছোটজন মাঠের সঙ্গে এখনো পরিচয় না হলেও থিয়াগো ও মাতেও মাঠে যায় প্রায়ই। মাঠে গিয়ে অবশ্য মাতেও’র নানা মজার কাণ্ড করা এটাই প্রথম নয়। মেসি তো একবার সাক্ষাৎকারেই বলেছিলেন, মাতেও বার্সার হার দেখতে পছন্দ করে।
