বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নতুন নির্বাহী চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কাজ না করার শর্তে তিন বছরের চুক্তিতে নিয়োগ দিয়ে গতকাল মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৪ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে। এখন দায়িত্বে থাকা কাজী মো. আমিনুল ইসলামের মেয়াদ তার আগের দিন শেষ হবে। বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে সিরাজুল ইসলাম জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব সিরাজুল ইসলাম এর আগে শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
