ভোট হবে ইভিএমে

এরশাদের আসনে প্রার্থী দেবে আওয়ামী লীগ

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০১:৪৫ এএম

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দেবে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল মঙ্গলবার এ কথা জানিয়ে বলেছেন, ‘এখানে ছাড় দেওয়ার কোনো বিষয় নেই। প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ সবার আছে, আমরাও সেভাবেই এগিয়ে যাচ্ছি।’গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে মহাজোটের শরিক হিসেবে জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি করে আওয়ামী লীগ। নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর তাদের বাইরে সবচেয়ে বেশি আসন থাকা জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের আসনে বসে, বিরোধীদলীয় নেতা হন দলটির চেয়ারম্যান এরশাদ।

রংপুরের সন্তান এরশাদ এলাকায় বরাবরই তুমুল জনপ্রিয় ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য এবার একবারও এলাকায় যেতে না পারলেও বিপুল ভোটে জয়ী হন তিনি। গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর তার আসন রংপুর-৩ শূন্য ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী মধ্য অক্টোবরের মধ্যে সেখানে উপনির্বাচন দিতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তোলা বিএনপি এরই মধ্যে এই উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় ওই আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছাড় দেবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এ পর্যন্ত কোনো উপনির্বাচনে কাউকে ছাড় দিইনি। যার যার নির্বাচন তাদের দলীয় প্রতীকে করবে, জাতীয় পার্টি তাদের প্রার্থী দেবে। আওয়ামী লীগও প্রার্থিতা এখানে রাখবে। এখানে ছাড় দেওয়ার কোনো বিষয় নেই। সরকারি দল হিসেবে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে। জাতীয় পার্টির এরশাদ সাহেবের আসন, তারাও প্রতিদ্বন্দ্বিতা করবে।’

ভোট হবে ইভিএমে : এরশাদের মৃত্যুতে শূন্যঘোষিত রংপুর-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ১ সেপ্টেম্বর । আসনটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ হবে।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, এ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন দুটি সিদ্ধান্ত নিয়েছে। তা হলো, ১ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হবে। আর ভোট হবে ইভিএমে। আগামী বৃহস্পতিবার তফসিল চূড়ান্ত করা হবে।

সাবেক সামরিক শাসক এইচএম এরশাদ গত ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। ১৬ জুলাই আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করা হয়। ইসি কর্মকর্তারা বলছেন, আসন শূন্য হওয়ার দিন থেকেই ৯০ দিন গণনা করা হয়। এ ক্ষেত্রে আগামী ১১ অক্টোবরের মধ্যে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা আছে।

সিঙ্গাপুর থেকেই প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি শুরু : সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মধ্য দিয়ে প্রবাসীদের ভোটার করার কাজ শুরু করতে যাচ্ছে ইসি। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের দিকে এ কাজ শুরু হতে পারে। নির্বাচন কমিশন এ বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করে সিঙ্গাপুর সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইসি সচিব মো. আলমগীর হোসেন জানান, বিদেশে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ভোটার তালিকা বিধিমালা ও নীতিমালার প্রয়োজন ছিল। সেটি চূড়ান্ত করা হয়েছে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ সিঙ্গাপুর থেকেই শুরু করার। এজন্য আমাদের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত