ইউপিডিএফ কর্মী নিহত

দীঘিনালায় পুলিশের দুই মামলা

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০১:৫৬ এএম

জেলার দীঘিনালায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ, প্রসিত গ্রুপ) ৩ কর্মী নিহতের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। গত

সোমবার রাতে দীঘিনালা থানার এসআই পীযূষ কান্তি দে বাদী হয়ে মামলা দুটি করেন। দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় অপর মামলা হয়।’

এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিহত ৩ জনের ময়নাতদন্ত হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। লাশ নিয়ে আসা দীঘিনালা থানার এএসআই একরাম জানান, নিহতদের মধ্যে নবীন জ্যোতি চাকমার (৩৮) মরদেহ পানছড়িতে এবং ভূজেন্দ্র চাকমা (৫০) ও রুচিল চাকমা ওরফে রাসেলের (২৬) মরদেহ দীঘিনালায় নেওয়া হয়।

গত সোমবার সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ওই ৩ জন নিহত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উপজেলার বরাদম এলাকায় সেনাবাহিনীর টহলের সময় এ ঘটনা ঘটে এবং সেখান থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তবে ইউপিডিএফ দাবি করেছে, সংগঠনের ৩ সদস্যকে কৃপাপুর এলাকা থেকে তুলে নিয়ে সকাল ৯টার দিকে বিনন্দাচোখ এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত