পাকিস্তান দলে দেশীয় কোচ চান জহির আব্বাস

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০১:০৮ পিএম

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন কোচিং স্টাফের সন্ধানে আছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। কোচদের আবেদন চেয়ে এরই মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। তাতে আশানুরূপ সাড়াও পাওয়া যাচ্ছে। দেশীয় প্রার্থীদের মধ্য থেকে কোচিং স্টাফ বেছে নিতে পিসিবি’র প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জহির আব্বাস।

প্রধান কোচের পদে এরই মধ্যে আবেদন করেছেন সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। তিনিই পাকিস্তান দলের পরবর্তী কোচ হতে পারেন জোরালো গুঞ্জন। প্রধান কোচের পদে বিদেশিদের মধ্যে আছেন ডিন জোনস ও কোর্টনি ওয়েলসের নাম। বোলিং কোচ হতে আবেদন করেছেন ওয়াকার ইউনিস, মোহাম্মদ আকরাম, জালালউদ্দিন। আর ব্যাটিং কোচ হিসেবে ফয়সাল ইকবাল, মুহাম্মদ ওয়াসিমের নাম শোনা যাচ্ছে।

বিদেশি কোচদের চেয়ে দেশি কোচরাই জাতীয় দলে বেশি কার্যকর হতে পারে বলে মনে করেন জহির আব্বাস, “পাকিস্তানি ক্রিকেটাররা খুব দেশপ্রেমী। তারা তাদের অভিজ্ঞতা বর্তমান খেলোয়াড়কে মাঝে সর্বোচ্চভাবে দিতে পারবে। দেশের সেবা করার জন্য দেশীয় কোচদের অবশ্যই সুযোগ দেওয়া দরকার।”

প্রধান কোচ হিসেবে মিসবাহই প্রথম পছন্দ আব্বাসের, “জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের অধিকাংশের সঙ্গে খেলায় এবং পাকিস্তান সুপার লিগে খেলার অভিজ্ঞতা থাকায় মিসবাহই প্রধান কোচ হিসেবে সেরা পছন্দ হতে পারে। সে খেলোয়াড়দের শক্তি ও দুর্বল জায়গাগুলো জানে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত