হলো না। নতুন ইতিহাস লিখতে পারল না আবাহনী লিমিটেড। এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালের দ্বিতীয় লেগে উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশের প্রতিনিধিরা।
বুধবার পিয়ংইয়ংয়ে ০-২ গোলে হারে আবাহনী। নিজেদের মাঠে প্রথম লেগে ৪-৩ গোলে জিতেছিল ঢাকার জায়ান্টরা। কিন্তু দুই লেগ মিলে ৫-৩ গোলের অগ্রগামিতায় ইন্টার জোনাল ফাইনালের টিকিট পেল সেনা সদস্যদের নিয়ে গড়া দল এপ্রিল টোয়েন্টি ফাইভ। স্বাগতিক দলের হয়ে দুটি গোলই করেছেন কিম ইউ-সং।
ইন্টার জোনাল সেমিফাইনালে পা রেখেই ইতিহাস লিখেছিল আবাহনী। দেশের প্রথম ক্লাব হিসেবে এই কীর্তি লেখে তারা। এদিন সেই ইতিহাস আরো সমৃদ্ধ করার সুযোগ ছিল আকাশি-নীলদের সামনে।
এ ম্যাচে ড্র করতে পারলেই দেশের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে এএফসি কাপের ইন্টার জোনাল ফাইনালের টিকিট পেত আবাহনী। সেই লক্ষ্যে শুরুটা খারাপ ছিল না মারিও লেমোসের দলের। প্রথমার্ধ সেয়ানে সেয়ানে লড়ে গোলশূন্য ভাবে রুখে দেয় আকাশি-নীলরা। জাগে আশা।
কিন্তু মামুন মিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হতে হয় আবাহনীকে। দশ জন নিয়ে আবাহনী পারেনি এপ্রিল টোয়েন্টি ফাইভকে রুখে দিতে।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে বদলি নেমে স্বাগতিক ক্লাবকে এগিয়ে দেন কিম সু ইয়ং। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন নেন কিম।
এএফসির প্রতিযোগিতায় আগে কখনো হোম ম্যাচে হারেনি এপ্রিল টোয়েন্টি ফাইভ ক্লাব। সেই ধারাটা বজায় রাখল তারা এদিনও। দশ জনের আবাহনীকে হারিয়ে দ্বিতীয়বারের মতো তারা পা রাখল ইন্টার জোনাল ফাইনালে।
