বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ঢাকায় ‘বসবে’ আন্তর্জাতিক হকি আসর

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০৮:৪২ পিএম

২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ক্রীড়াঙ্গনে থাকছে নানা আয়োজন। হকি ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক টুর্নামেন্ট। বুধবার হকি ফেডারেশনের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ফেডারেশন কর্তারা।

টোকিও অলিম্পিক সামনে রেখে জাপানে ক’দিন আগে অনুষ্ঠিত হকি টেস্ট ইভেন্ট শেষে দেশে ফিরেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ ও জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুর রশীদ শিকদার। সেখানে এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) শীর্ষ কর্তাদের সাথে বিশেষ বৈঠকে ঢাকায় দুটি আন্তর্জাতিক হকি আসর আয়োজন সহ নানা আলোচনা হয়েছে বলে জানান মমিনুল হক সাঈদ ও আব্দুর রশীদ শিকদার।

যার অন্যতম- ২০২০ সালের ৪ জুন থেকে ১৪ জুন ঢাকায় জুনিয়র এশিয়া কাপ আয়োজন। যে আসরটি জুনিয়র ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার রাউন্ড হিসেবে বিবেচিত হয়ে থাকে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে টুর্নামেন্টটি বঙ্গবন্ধুর নামে আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। সে লক্ষ্যে এএইচএফের কাছ থেকে টুর্নামেন্টটির টাইটেল স্পনসরশিপ কিনে নিবে ফেডারেশন।

এ ছাড়া একই বছর অক্টোবরে ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের প্রস্তাবিত তারিখ নির্ধারণ করা হয়েছে। ফেডারেশন কর্তারা এদিন জানান, এই দুই টুর্নামেন্ট সামনে রেখে এশিয়ান হকি ফেডারেশনের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে এ বছরের অক্টোবরেই একটি সাইনিং অনুষ্ঠান আয়োজন করবে ফেডারেশন।

এ ছাড়া উন্নত প্রশিক্ষণের জন্য এএইচএফের কাছে হাইপ্রোফাইল কোচ ও ৫টি টার্ফের আবেদনও করেছে ফেডারেশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত