দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

মিরসরাইয়ে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম স্থগিত

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১০:৪২ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অবশেষে ডিজিটাল ভূমি জরিপের কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদে ভূমি মালিকদের সঙ্গে মতবিনিময় শেষে জরিপের কার্যক্রম স্থগিত করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক (অর্থ ও বাজেট) এম আলীম আক্তার খান। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করে দেশ রূপান্তর পত্রিকায় এ-সংক্রান্ত তিনটি সংবাদ প্রকাশিত হয়।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে মিরসরাই উপজেলা সেটেলমেন্ট অফিস ডিজিটাল সার্ভের কাজ শুরু করে। কিন্তু জরিপ টিমের লোকজন ভূমির নকশা পরিবর্তন, ঘুষ দাবিসহ জরিপকাজে বিভিন্ন অনিয়ম করে আসছিলেন। ত্রুটিপূর্ণ জরিপকাজে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে তা বন্ধ রাখার দাবি জানান।

ত্রুটিপূর্ণ জরিপ নিয়ে স্থানীয়দের অভিযোগ ও পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে গতকাল বুধবার ডিজিটাল ভূমি জরিপ নিয়ে ভূমি মালিকদের সঙ্গে করেরহাট ইউনিয়ন পরিষদে মতবিনিময় করেন ভূমি রের্কড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক (অর্থ ও বাজেট) এম আলীম আক্তার খান। পরে এম আলীম আক্তার খান বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত করেরহাট ইউনিয়নের ডিজিটাল ভূমি জরিপকাজ স্থগিত করা হলো। প্রসঙ্গত, গত ৩০ জুন, ৫ ও ৯ জুলাই ডিজিটাল ভূমি জরিপের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় উল্লেখ করে দেশ রূপান্তরে তিনটি সংবাদ ছাপা হয়। এম আলীম আক্তার খান দেশ রূপান্তরকে বলেন, প্রতিটি সংবাদই তিনি দেখেছেন। তার ফলে তিনি মিরসরাইয়ে মতবিনিময় করার সিদ্ধান্ত নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত