ওয়ানডে বিশ্বকাপ শেষে নিজেদের ক্রিকেটকে নতুনভাবে সাজানোর প্রক্রিয়ায় আছে আফগানিস্তান। নতুন কোচের সন্ধানে আছে তারা। সেই সঙ্গে সাপোর্ট স্টাফও বদল করবে। প্রথম পদক্ষেপ হিসেবে নেতৃত্বে বদল এনেছে। টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খানকে টেস্ট ও ওয়ানডেতেও অধিনায়কত্ব দেওয়া হয়েছ। নতুন কোচ সময়মতো খুঁজে পাওয়া যায়নি বলে অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি মোলসের নেতৃত্বে বাংলাদেশে আসছে আফগানিস্তান। এই সফর সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুশীলন ক্যাম্প করছে আফগানরা। অধিনায়ক রশিদ খানের বিশ্বাস বাংলাদেশে ভালো করার যথেষ্ট রসদ তাদের আছে।
এতদিন যেকোনো ক্রিকেটীয় প্রয়োজনে দেরাদুনে ভারতের সুযোগ সুবিধা ব্যবহার করত আফগানিস্তান। কিন্তু বিশ্বকাপের পর আফগানদের আর কোনো সুবিধা দিতে অপারগতা প্রকাশ করে ভারত। আবুধাবির টেস্ট ভেন্যু শেখ জায়েদ স্টেডিয়ামে ক্যাম্প করার আরও একটি কারণ আছে। বাংলাদেশের প্রচ- গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আমিরাতের অতিরিক্ত গরম (৩৯ ডিগ্রি) সাহায্য করবে বলে মনে করেন রশিদ খান, ‘অনুশীলন ক্যাম্প আবুধাবিতে করার কারণ আমরা এই রকম গরমে অভ্যস্ত হতে চেষ্টা করেছি। যেন বাংলাদেশে গিয়ে কোনো সমস্যা না হয় এবং মাঠের খেলায়ও কোনো প্রভাব না পড়ে।’
রশিদ খানের জন্য টেস্টে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এই
প্রথম। তবে তার বিশ্বাস অভিজ্ঞদের পাশে রেখে কঠিন পরীক্ষায় উতরে যাবেন, ‘দলে দুজন অত্যন্ত অভিজ্ঞ ক্রিকেটার আছেন। আসগর আফগান ও মোহাম্মদ নবির কাছ থেকে আমি মাঠে অনেক রকম সহযোগিতা পাব। তাদের পাশে পাওয়া আমার জন্য অনেক ভরসার ব্যাপার।’
সম্প্রতি বাংলাদেশে খেলা যাওয়া আফগানিস্তান ‘এ’ দলের তিন ক্রিকেটার আছেন এই সফরে। রশিদ খানের বিশ্বাস অভিজ্ঞদের সঙ্গে ওই তিনজন দলকে ভালো কিছু উপহার দেবে, ‘আমরা একটি শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে যাচ্ছি। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে আমাদের দলটি দারুণ। ১৭ বছর বয়সী ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান, বোলার আহমেদ শিরজাদ ও ইয়ামিন আহমাদজাই সম্প্রতি ‘এ’ দলের হয়ে বাংলাদেশে ভালো করেছে। আসন্ন সিরিজেও ওরা দারুণ করবে বলে আস্থা রাখছি।’
