তারকাখচিত এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড

সেরা সুইফট, আরিয়ানা ও কার্ডি বি

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০১:০০ এএম

আবার ঘুরে দাঁড়াচ্ছেন এ সময়ের বিশ্বসংগীতের অন্যতম চর্চিত শিল্পী টেইলর সুইফট। কিছুদিন আগে হতাশায় নিমজ্জিত ছিলেন এই গায়িকা। তার এত বছরের সংগীত ক্যারিয়ারের সব গানের স্বত্ব হারিয়ে ফেলেন তিনি। অনেকটা তাকে ঠকিয়ে এক মিউজিক প্রোডিউসার তার গানের সব স্বত্ব নিজের করে নেন। তবে তিনি ভেঙে পড়েননি। সেই গানগুলো নতুন করে রেকর্ড করবেন বলে আশ্বস্ত করেন ভক্তদের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশে^র সবচেয়ে ধনী সংগীতশিল্পীর তকমা জোটে তার ভাগ্যে। এবার বিশ^সংগীতের অন্যতম পুরস্কার বগলদাবা করলেন এ গায়িকা। শুধু তাই নয়, দর্শকদের বিচারে টেইলর সুইফটের সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডে চলতি বছরের সেরা ভিডিওর খেতাব পেয়েছেন পপতারকা টেইলর সুইফট। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রুডেন্সিয়াল সেন্টারে গত মঙ্গলবার রাতে এক জমকালো আয়োজনে সম্মাননাপ্রাপ্ত শিল্পীদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।

‘মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ পেয়েছেন মিসি এলিয়ট। সংগীতশিল্পী, র‌্যাপার, গীতিকার, সংগীত প্রযোজক ও নৃত্যশিল্পী মিসি এলিয়ট। দুই দশক ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন ভক্তদের। সেসব গানের কিছু ঝলক দেখা গেল মঙ্গলবার রাতে। এমটিভির মঞ্চ মাতালেন তার জনপ্রিয় ‘ওয়ার্ক ইট’, ‘লুজ কন্ট্রোল’ এবং আরও কিছু সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানটি জাঁকজমক করতে তার সঙ্গে যোগ দিয়েছেন হ্যালসি, বেবে রেক্সা ও টেইলর সুইফটের মতো শিল্পীরা। সম্মাননা পাওয়ার পর মিসি এলিয়ট বলেন, ‘আমি কায়মনোবাক্যে দুই দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে কাজ করেছি। কখনো ভাবিনি এ ধরনের মঞ্চে এই সম্মানজনক পুরস্কার পাব।’ এই পুরস্কার তিনি সংগীত এবং নৃত্যানুরাগী সবাইকে উৎসর্গ করেন।

টেইলর সুইফট তার ‘ইউ নিড টু কাম ডাউন’ গানটির জন্য ‘বছরের সেরা মিউজিক ভিডিওর পুরস্কার পান। নৃত্যদলের সঙ্গে গানটি পরিবেশন করে মঞ্চকে আরও রঙিন করে তোলেন তিনি। এরপর গিটার হাতে চারনগীতি ‘লাভার’ গেয়ে শোনান। গত শুক্রবার এই শিরোনামে প্রকাশিত তার নতুন অ্যালবামের গান এটি। ভক্তদের ভোটের মাধ্যমে এই শ্রেষ্ঠত্ব বিচার করা হয়েছে। তাই ভক্তদের আন্তরিক ধন্যবাদ জানান উচ্ছ্বসিত টেইলর। তিনি বলেন, আমার গানের ভিডিওটিতে সাম্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে। তাই এই ভিডিওর পক্ষে আপনাদের ভোট প্রদানের অর্থ আপনারা এমন একটি পৃথিবী চান, যেখানে আমাদের সবাইকে সমানভাবে মূল্যায়ন করা হবে।’

আর সেরা হিপ-হপ গানের জন্য পুরস্কার পেয়েছেন কার্ডি বি। ‘মানি’ ভিডিওটির জন্য ‘সেরা হিপ-হপ ভিডিও’র স্বীকৃতি পেয়েছেন কার্ডি বি। তার নাম ঘোষণার পর দর্শক-শ্রোতারা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ‘আমি আমার নিজের কথাই শুনতে পাচ্ছি না। দয়া করে এবার আমাকে বলতে দিন।’ কার্ডি বি তার ‘মানি’ ভিডিওর পরিচালক জোরা ফ্রাঞ্জিসকে এবং তার দলকে ধন্যবাদ জানান।

চলতি বছরের সেরা উদীয়মান শিল্পী হিসেবে বিলি ইলিশের নাম ঘোষণা করেছে এমটিভি। আর সেরা কে-পপ সংগীত হিসেবে স্বীকৃতি পেয়েছে বিটিএস ও হ্যালসির ‘বয় উইথ লাভ’।

দর্শকদের বিচারে টেইলর সুইফটের সঙ্গে আরিয়ানা গ্রান্ডেও সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। গ্রান্ডে ‘বছরের সেরা শিল্পী’ হিসেবে দর্শক-শ্রোতাদের ভোটে জয়ী হয়েছেন। তাকে কার্ডি বি, শন মেন্ডেস, হ্যালসি, জোনাস ব্রাদার্স প্রমুখের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে। গ্রান্ডের গান ‘ব্যাড গায়’ সম্প্রতি বিলবোর্ডে সেরা ১০০ গানের তালিকায় ‘ওল্ড টাউন রোড’কে সরিয়ে শীর্ষস্থান দখল করেছে। এই আসরে দীর্ঘদিন পর নিজের ব্যান্ড জোনাস ব্রাদার্সকে নিয়ে মঞ্চ মাতান প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী মার্কিন সংগীত তারকা নিক জোনাস। তার সঙ্গে ছিলেন তার দুই ভাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত