রোহিঙ্গা সংকট নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০১:১১ এএম

রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফ হবে।

এদিকে, গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্বিতীয় দফায় বন্ধ হওয়ার পর এই প্রথম কূটনীতিকদের সঙ্গে বসতে যাচ্ছে সরকার।

গত ২৫ আগস্ট বাংলাদেশে পালিয়ে আসার দুই বছর পূর্তির দিনে হাজার হাজার রোহিঙ্গা কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে সমাবেশ করে। ২০১৭ সালের এই দিনটিতে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার থেকে বাঁচতে প্রায় লাখখানেক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছিল।

সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন, নাগরিকত্ব ও দায়ীদের বিচারসহ অন্যান্য দাবি না পূরণ হলে তারা কখনই মিয়ানমারে ফিরবেন না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মিয়ানমারের প্রতিশ্রুতি সত্ত্বেও প্রত্যাবাসন শুরু করা সম্ভব হয়নি। অথচ মিয়ানমার এখন বাংলাদেশকেই দুষছে।

বাংলাদেশ প্রত্যাবাসনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল। রোহিঙ্গাদের রাজি করাতে মিয়ানমারই ব্যর্থ হয়েছে। তারা নিজেদের নাগরিকদের নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয়ে সন্তুষ্ট করতে পারেনি। বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে চাই।

এ ছাড়া সম্প্রতি রোহিঙ্গাদের সমাবেশ নিয়েও উদ্বিগ্ন বাংলাদেশ। এ বিষয়ে যারা রোহিঙ্গাদের সংঘবদ্ধ করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার। এসব বিষয় আলোচনায় থাকতে পারে বলে জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত