মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্ব শুরু আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে বাংলাদেশ। বৃহস্পতিবার নেদারল্যান্ডসকে ১০ উইকেটে হারায় সালমা খাতুনের দল।
স্কটল্যান্ডের আরব্রোথে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল নেদারল্যান্ডসের মেয়েরা। বাংলাদেশের মেয়েদের দাপুটে বোলিংয়ে ১৬.৫ ওভারে মাত্র ৫১ রানে গুটিয়ে যায় দলটি। সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার স্টেরি ক্যালিস। বাকিদের কেউই দুই অঙ্কের স্কোর ছুঁতে পারেননি।
বাংলাদেশের মেয়েদের পক্ষে ফাহিমা খাতুন, খাদিজা তুল কুবরা ও শায়লা শারমিন সর্বাধিক ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম ও সালমা খাতুন।
জবাব দিতে নেমে দুই ওপেনার সানজিদা ইসলাম ও আয়েশা রহমানের ব্যাটে ভর করে মাত্র ৬.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সানজিদা ২৭ বলে ৪ চারে ২৪ রান করেন। আয়েশা ১৩ বলে ১ চার ও ১ ছক্কায় করেন ১৮ রান।
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় বসবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ১০ দলের মধ্যে ৮ দল চূড়ান্ত। দুটি হল সুযোগ পাবে স্কটল্যান্ডে ৩১ আগস্ট শুরু হতে যাওয়া বাছাই পর্ব থেকে। ৮ দলের আসর থেকে সেরা দুটি দল উঠবে মূল পর্বে। গতবার বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলেছিল বাংলাদেশের মেয়েরা।
এবারের বাছাই পর্বে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। তাদের গ্রুপ সঙ্গী পাপুয়া নিউ গিনি, স্বাগতিক স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ৩১ আগস্ট পাপুয়া নিউ গিনির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ ১ সেপ্টেম্বর। স্কটিশদের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ ৩ সেপ্টেম্বর।
দুই গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সেমিফাইনালে। এরপর ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
