আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে রশিদ খানকে বড় হুমকি মনে করছেন সবাই। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান পর্যন্ত বলেছেন, রশিদকে খেলা চ্যালেঞ্জিং হতে পারে। তবে তরুণ ওপেনার সাদমান ইসলামের মনে রশিদ খানতে নিয়ে আলাদা ভাবনা নেই।
২৪ বছর বয়সী বাঁ-হাতি ওপেনারের মতে, বাংলাদেশের চিন্তায় আফগানদের দুর্দান্ত স্পিন আক্রমণ। সেটা শুধু রশিদকে নিয়ে নয়। ঘরের মাঠে বাংলাদেশ স্পিন খেলতে অভ্যস্ত বলেও জানিয়ে দিলেন সাদমান।
সাদা বলে বর্তমানে বিশ্বের সেরা লেগ স্পিনার রশিদ। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে তাকে সামলাতে বেশ ভুগতে হয়েছে বাংলাদেশকে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে সাদমান বলেন, ‘রশিদ খানকে নিয়ে বাড়তি কোনো ভাবনা নেই। সংক্ষিপ্ত সংস্করণের বোলিং আর টেস্টে বোলিং দুটি দুই জিনিস। আমরা ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো মানের স্পিনের বিপক্ষে খেলি। যদি আমরা বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে পারি তবে মনে হয় না রশিদ খান আমাদের জন্য বড় কোনো সমস্যা হবে।’
আফগান সিরিজে তামিম ইকবাল নেই। সাদমানকে বড় দায়িত্ব সামলাতে হবে এই সিরিজে। সাদমানও তৈরি হচ্ছেন সেভাবে। স্পিন বোলিং নিয়ে বিশেষ কাজও করছেন। তবে সেটি শুধু রশিদ খান আছে বলে নয়, ‘আফগানিস্তানকে নিয়ে একটু আলাদা পরিকল্পনা করছি কারণ, ওদের স্পিন আক্রমণটা খুব ভালো। সব সময় তো পেস বোলিং নিয়ে বাড়তি কাজ হয়। এবার চিন্তা করছি একটু স্পিনারদের নিয়ে বাড়তি কাজ করতে হবে। ওদের বেশির ভাগ বোলার যেমন- রশিদ খান, মোহাম্মদ নবী বৈচিত্র্য ধরে রেখে বোলিং করে। স্পিন নিয়ে কাজ করছি সে কারণেই।’
তামিম নেই। তার দিকে আলাদা নজর। এ জন্য অবশ্য বাড়তি কোনো চাপ নিতে চান না সাদমান, ‘আমার অভিষেক টেস্টেই তামিম ভাইকে পাইনি। সৌম্য ভাইয়ের সঙ্গে ওপেনিং করেছিলাম ওই টেস্টে। আমি যেমন ব্যাটিং করি, যেমন খেলি সে জায়গা থেকেই নিজের মতো খেলার চেষ্টা করব। আগে যেভাবে খেলেছি সেভাবেই পরিকল্পনা থাকবে।’
২০১৮ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় সাদমানের। এরপর নিউজিল্যান্ড সফরে খেলেন দুই টেস্ট। সব মিলে তিনটি টেস্টের ক্যারিয়ার তার। অভিষেকেই খেলেছেন ৭৬ রানের ইনিংস। বাংলাদেশ ইনিংস ব্যবধানে জেতায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হয়নি।
নিউজিল্যান্ডে সাদমানের ইনিংসগুলোর ছিল এমন- ২৭, ২৯, ২৪, ৩৭। নিউজিল্যান্ড সফর নিয়ে সাদমান বলেন, ‘মনে হয় নিউজিল্যান্ড সিরিজে আমার কিছু ঘাটতি ছিল। আমরা সেরকম বাউন্সি উইকেটে অভ্যস্ত নই। এরপর যখন যাব, সেভাবেই নিজেকে প্রস্তুত করব।’
