বৃষ্টির কবলে ইমার্জিং দলের ম্যাচ

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০৯:৫৩ পিএম

প্রথম দুই দিন শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে ব্যাটে-বলে দাপট ছিল বাংলাদেশ ইমার্জিং দলের। সিরিজের প্রথম চার দিনের ম্যাচটির তৃতীয় দিনে লিড নেওয়ার স্বপ্ন ছিল স্বাগতিকদের। তবে বৃহস্পতিবার ছিল বৃষ্টির বাগড়া। ম্যাচের গতি প্রকৃতিও তাই বদলে গেছে। ড্র’র আভাস মিলছে ম্যাচটিতে।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এদিন নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ১৯০ রান নিয়ে দিন শেষ করেছে শ্রীলঙ্কা ইমার্জিং দল। আগের দিনের ৪ উইকেটে ১০১ রান নিয়ে দিন শুরু করেছিল দলটি। বৃষ্টির বাধায় এদিন খেলাই হয়েছে মোট ৪৯ ওভার।

লঙ্কানরা আর ৮৯ রান যোগ করে ২ উইকেট হারিয়ে। উইকেট দুটি তুলে নেন শফিকুল ইসলাম ও তানভীর ইসলাম। আগের দিন ৪ উইকেট একাই পেয়েছিলেন নাঈম হাসান।

সফরকারী দলের পক্ষে অ্যাশেন বান্দারা ফিফটি তুলে নিয়েছেন। ৫৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছে তারা। ৮ রানে অপরাজিত আছেন চামিকা করুনারত্নে।

বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৬০ রান করে। এখনো ১৭০ রানে এগিয়ে বাংলাদেশ। দুই দলের প্রথম ইনিংস শেষ হয়নি এখনো। তাই ড্র’র পথে এগোচ্ছে ম্যাচ এটা বলাই যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত