সানি লিওনের জন্য গাইলেন কোনাল

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১০:৩১ পিএম

‘পাসওয়ার্ড’ সিনেমায় কোনালের গাওয়া প্রথম পার্টি সং ‘আগুন লাগাইল’ ব্যাপকভাবে আলোচিত হয়। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে জনপ্রিয় এই গায়িকা নতুন আরও একটি পার্টি সং করলেন। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় আকাশ সেনের সুর ও সংগীতে কোনাল এবার যে গানটি করলেন ওই গানে নাচবেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন। সেলিম খানের প্রযোজনায় শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবিতে থাকছে ‘সানি সানি’ শিরোনামের কোনালের গাওয়া এ গানটি। ২৫ আগস্ট কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। রেকর্ডিং শেষে কোনাল বলেন, ‘আগুন লাগাইল’ গানটি গাওয়ার আগে জানতাম না আমার কণ্ঠে দর্শক কীভাবে গানটি গ্রহণ করবেন। আমি বিস্মিত হয়েছি, নতুন ধাঁচে আমার কণ্ঠে গানটি সব শ্রেণির গানপাগল মানুষ পছন্দ করেছেন। ‘সানি সানি’ শিরোনামের নতুন গানটি নেচে নেচে গাচ্ছিলাম। শুধু আমি নই, রেকর্ডিংয়ের সময় যারা ছিলেন, সবাই রীতিমতো তাল মেলাচ্ছিলেন।’

কোনাল আরও বলেন, বিগ অ্যারেঞ্জমেন্টের গান। খুব যতœ নিয়ে গানটি করেছি। সংগীত পরিচালকের নির্দেশনায় আমি আমার মতো করে গেয়েছি। স্ক্রিনে বাকিটা উপস্থাপন করবেন সানি লিওন।

সানি লিওন প্রসঙ্গে কোনাল বলেন, মানুষ সানি লিওনকে বাঁকা চোখে দেখেন। কিন্তু আমি তাকে একজন সংগ্রামী মেয়ের প্রতীক হিসেবে দেখি। একজন মানুষ কতটা চড়াই-উৎরাই পার করে বলিউডের মতো জায়গায় নিজের শক্ত আসন করে নিতে পারেন! বলিউডের মেগাস্টাররাও তার সঙ্গে অভিনয় করেছেন। তার জন্য গাইতে পেরে ভালো লাগছে।

বিগ বাজেটের ‘বিক্ষোভ’ ছবির শুটিং শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর। ছবিতে থাকছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। সানি লিওনকে নিয়ে গানটি শ্যুটিং হবে মুম্বাইতে আগামী ৯ সেপ্টেম্বর। প্রযোজক, পরিচালক দুজনেই জানিয়েছেন, কোনালের গাওয়া এবং সানি লিওনের গানটিতে খরচ হবে প্রায় কোটি টাকা!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত