ওবায়দুল কাদের বললেন

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিশৃঙ্খলা করাই বিএনপির লক্ষ্য

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০২:২৬ এএম

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করাই বিএনপির লক্ষ্য বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে রোহিঙ্গা ক্যাম্পে কিছু

বেসরকারি সংস্থা (এনজিও) চক্রান্ত করছে অভিযোগ করে তিনি বলেন, ‘ফখরুল সাহেবদের কী আঁতাত হয়েছে এই এনজিওদের সঙ্গে? রোহিঙ্গা ইস্যু নিয়ে তারা বিশৃঙ্খলা করতে চায়, এটাই তাদের লক্ষ্য।’

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। রোহিঙ্গা ইস্যুতে বিএনপির জাতীয় ঐক্যের ডাকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এখন রোহিঙ্গা ইস্যুতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। সারা বিশ্ব মিয়ানমারকে চাপ দিচ্ছে, বাংলাদেশের মানুষ এই ইস্যুতে ঐক্যবদ্ধ। এখন এই ঐক্যে ফাটল ধরাতে, রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে।’ বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘একের পর এক ব্যর্থ হয়ে এখন তারা উন্মাদের মতো ইস্যু খুঁজছে। খালেদা জিয়া দেড় বছর জেলে, দেড় মিনিটও তারা আন্দোলন করতে পারেনি। অনেক দলের অনেক ব্যর্থতা আছে, কিন্তু বিএনপির মতো এমন ব্যর্থ দল আর নেই। কোনো ইস্যু না পেয়ে এখন রোহিঙ্গাদের ওপর ভর করেছে বিএনপি।’

রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করতে চায় না জানিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা কি মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করতে চান? আমরা যুদ্ধ করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই না। কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে, সূক্ষ্ম কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে।’ তিনি বলেন, বিদেশি দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে বিএনপির নেতারা বৈঠক করেন। কিন্তু রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারকে চাপ দিতে কূটনীতিকদের কাছে বিএনপি নেতাদের গত দুই বছর কোনো কথা বলতে শুনিনি। এ সমস্যা নিয়ে কোনো দিন তারা কূটনীতিকদের সঙ্গে কথা বলেননি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, পলাশীতে নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল সেনাপতি মীর জাফর, ইয়ার লতিফ। আর ১৫ আগস্ট বিশ্বাসঘাতকতা করেছিল মোশতাক ও জিয়াউর রহমান। ১৫ আগস্টের মাস্টারমাইন্ড জিয়া আর ২১ আগস্টের মাস্টার মাইন্ড তারেক।

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিএমএর মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. শহীদুল্লাহ সিকদার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত