ভর্তি জালিয়াতিতে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৯ শিক্ষার্থীকে শৃঙ্খলা পরিষদের দেওয়া বহিষ্কারাদেশ বহাল রেখেছে প্রতিষ্ঠানটির সিন্ডিকেট। গতকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এ তথ্য জানিয়েছেন। ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন এসব শিক্ষার্থী। তারা সবাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযোগপত্রভুক্ত আসামি।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিষদের সুপারিশ সিন্ডিকেট গ্রহণ করেছে এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘৬৯ জনের বিরুদ্ধে যে শৃঙ্খলা পরিষদের বহিষ্কারাদেশ তা সিন্ডিকেট বহাল রেখেছে। তবে অভিযোগের ভিত্তিতে তাদের সাত দিন সময় দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং পাবলিক পরীক্ষা আইনে আলাদা আলাদা ওই দুটি অভিযোগপত্র দেওয়া হয়।
