পাকিস্তানের রেলমন্ত্রী বললেন

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে আখেরি যুদ্ধ হবে

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০২:২৯ এএম

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলকে কেন্দ্র করে ভারতের সঙ্গে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছেন পাকিস্তানের রেলপথমন্ত্রী শেখ রশিদ আহমেদ। গত বুধবার তিনি বলেছেন, চলতি বছরের অক্টোবর কিংবা নভেম্বরে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পূর্ণমাত্রার ও আখেরি যুদ্ধ হবে পাকিস্তানের।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে রশিদ আহমেদ এ মন্তব্যটি করেন। তিনি বলেন, ‘কাশ্মীর মুক্ত করার শেষ যুদ্ধের সময় এসে গেছে এবং এবার ভারতের সঙ্গে পূর্ণমাত্রার ও আখেরি যুদ্ধ হবে।’

বক্তব্যে কাশ্মীরের সমস্যা সৃষ্টির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দোষারোপ করেন পাকিস্তানের রেলপথমন্ত্রী। তিনি বলেন, সবকিছু হচ্ছে ‘হিটলার’ প্রধানমন্ত্রী মোদির কারণে। তার কারণেই কাশ্মীর নিয়ে যুদ্ধের গন্ধ পাওয়া যাচ্ছে।

রশিদ বলেন, জাতিসংঘ নয়, কাশ্মীরের ভাগ্য নির্ধারণ করবে কাশ্মীরিরা। তিনি বলেন, জাতিসংঘ চাইলে কাশ্মীরে গণভোটের আয়োজন করতে পারে। ওই সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে কাশ্মীর নিয়ে নীরবতা ভাঙার আহ্বান জানান। ‘আমরা ভাগ্যবান যে, জম্মু-কাশ্মীর ইস্যুতে আমাদের পাশে চীনের মতো মিত্র আছে’, যোগ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত