সাবেক ডিসির অন্তরঙ্গ ভিডিও

মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত দল জামালপুরে

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০২:৩০ এএম

অন্তরঙ্গ ভিডিও ভাইরালের ঘটনায় জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখার যুগ্ম সচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের দলটি জামালপুরে পৌঁছে তদন্তকাজ শুরু করে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত দলের সদস্যরা প্রথমে ডিসির ওই বিশ্রামকক্ষসহ কার্যালয়ের বিভিন্ন

কক্ষ ঘুরে দেখেন। এরপর কার্যালয়ের সভাকক্ষে গোপনীয় শাখার অফিস সহায়ক ওই নারীকে জিজ্ঞাসাবাদ করেন তারা। প্রায় দুই ঘণ্টা পর দুপুর পৌনে ২টার দিকে ওই নারী সভাকক্ষ থেকে বের হয়ে আসেন। এরপর অসুস্থতার কারণ দেখিয়ে আগামী রবিবার থেকে আবারও পাঁচ দিনের ছুটির আবেদন করে কার্যালয় ত্যাগ করেন তিনি। পরে বেলা ৩টার দিকে তদন্ত কমিটি ডিসির কার্যালয় ত্যাগ করে। তবে দলের সদস্যরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

জামালপুরের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক সাংবাদিকদের বলেন, ‘অনেকগুলো বিষয় নিয়ে তদন্ত হচ্ছে। তদন্ত দলের সদস্যরা তদন্তকালীন সময়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাচ্ছেন না।’

গত ২২ আগস্ট রাতে ফেইসবুকে সাবেক ডিসির সঙ্গে তার কার্যালয়ের বিশ্রামকক্ষে অফিস সহায়ক এক নারীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ে; পরে তা ভাইরাল হয়। বিষয়টি অস্বীকার করে ঘটনাটি সাজানো বলে দাবি করেন সাবেক ডিসি আহমেদ কবীর। এতে জামালপুরসহ সারা দেশে নিন্দার ঝড় ওঠে। এরপর গত ২৫ আগস্ট আহমেদ কবীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একই দিন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত