ঠিক যেন মেরিলিন মনরো

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১২:৪৫ এএম

তৈরি হচ্ছে স্বর্ণকেশী হলিউড নায়িকা মেরিলিন মনরোর বায়োপিক। চলচ্চিত্রটির পেছনে অর্থ লগ্নি করছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। এর মধ্যে একটি স্থিরচিত্র প্রকাশ হয়েছে। সেখানে আবেদনময়ী নায়িকার চরিত্রে দেখা গেল উঠতি অভিনেত্রী আনা ডে আরমাসকে।

প্রকাশিত ছবিতে আরমাসকে সাজানো হয়েছে একদম মনরোর বেশে। সেই চুল, সেই মেকআপ ও পোশাক। প্রয়াত নায়িকার সঙ্গে এত বেশি মিল যে অনেকেই চমকে গেছেন।

জানা গেছে, সিনেমাটি নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। নেইলপলিশ থেকে লিপস্টিকÑ সব ক্ষেত্রেই বাস্তবের সঙ্গে মিল রাখা হয়েছে। খুঁজে বের করা হয়েছে সংক্ষিপ্ত কালো পোশাক ও ঝিলিক দেওয়া মুক্তোর হারÑ যাতে মাত্র ৩৬ বছর বয়সে মারা যাওয়া মনরোর জীবন নিখুঁতভাবে উঠে আসে।

মুভিতে মনরোর প্রেমিকের চরিত্রে থাকছেন ববি কানাভ্যাল। স্বামী আর্থার মিলার চরিত্রে আছেন আদ্রিয়েন ব্রডি। আরও অভিনয় করছেন জুলিয়ান নিকোলসন।

এর আগে মেরিলিন মনরোকে নিয়ে বেশ কিছু তথ্যচিত্র নির্মিত হয়েছে। টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে মিনি সিরিজ। তবে বলা হয়ে থাকে, অভিনেত্রীর জটিল জীবনের প্রতি যথাযথ সম্মান দেখাতে পারেনি চলচ্চিত্র জগৎ। তাকে নিয়ে নির্মিত হয়নি জীবনীভিত্তিক সিনেমা। শেষ পর্যন্ত সেই শূন্যস্থান পূরণে এগিয়ে এলো নেটফ্লিক্স।

‘ব্লন্ড’ নামের সিনেমাটি জয়েস ক্যারল ওটসের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। ২০০০ সালে প্রকাশিত বইটি ফিকশন বিভাগে পুলিৎজার মনোনয়নও পায়। সেখানে মনরোর ধূসর জীবনের নানা খাঁজে আলো ফেলা হয়েছে। তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্রের পুরুষতান্ত্রিক সামাজিক পরিসরে কতটা অন্যায়ের শিকার হয়েছিলেন এই নায়িকা। একই সঙ্গে এসেছে ৫০ ও ৬০-এর দশকের সেলিব্রিটি কালচার। অবশ্য এই উপন্যাস নিয়ে ২০০১ সালে মিনি সিরিজ হয়েছে। নাম ভূমিকায় ছিলেন পপি মন্টগোমারি। চিত্রনাট্যের পাশাপাশি নতুন সিনেমাটি পরিচালনা করছেন ‘দ্য অ্যাসাসিনেশন অব জেসি জেমস’খ্যাত চিত্রনাট্যকার অ্যান্ড্রু ডমিনিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত