আপিল করেও প্রার্থিতা ফিরে পেলেন না ছাত্রদলের ৬ সভাপতি প্রার্থী। আপিলের জন্য নির্ধারিত গত দুই দিন পর্যালোচনার পর গতকাল এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আপিল কমিটির আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। যাচাই-বাছাইয়ের পর আপিলেও বাদ পড়া প্রার্থীরা হলেন আল মেহেদী তালুকদার, আরাফাত বিল্লাহ খান, মো. আসাদুল আলম টিটু, মো. আজিম উদ্দিন মেরাজ, এস এ এম আমিরুল ইসলাম, জুয়েল মৃধা এবং ফজলুল হক নীরব।
এদিকে যাচাই- বাছাইয়ে বাদ পড়া পাঁচ সাধারণ সম্পাদক প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। যারা প্রার্থিতা ফেরত পেয়েছেন তারা হলেনÑ সাদিকুর রহমান, কে এম সাখাওয়াত হোসাইন, সিরাজুল ইসলাম, মো. ইমদাদুল হক মজুমদার, মোহাম্মদ জামিল হোসেন। অপর সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ ওমর ফারুকের প্রার্থিতার বিষয়ে যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
এর বাইরে সভাপতি পদে মো. মামুন খান, সাধারণ সম্পাদক পদে মো. জুয়েল হাওলাদারের প্রার্থিতা আপিল কমিটি অনুমোদন করেনি, বিধায় তাদের প্রার্থিতা আর বহাল নেই।
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বাড়ল এক দিন : এদিকে আজ ছাত্রদলের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। সেটা এক দিন বাড়িয়ে ১ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে।
