রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য সরকার যে পথে হাঁটছে সেটিই সঠিক পথ উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই সরকার রোহিঙ্গা সমস্যার সমাধান করবে। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইনসে সিএমপি স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা ফেরত যাক এটা বিএনপি চায় না। তারা রোহিঙ্গা সমস্যা নিয়ে রাজনীতি করতে চায়।’
বঙ্গবন্ধু হত্যাকাণ্ড আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ ছিল উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘যারা বাংলাদেশ চায়নি তারাই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চেয়েছিল তারা। বঙ্গবন্ধুকে হত্যার পর তারা জাতীয় পতাকা পরিবর্তন করতে চেয়েছিল। কিন্তু এতে তারা সফল হয়নি।’
সিএমপি কমিশনার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম। এতে স্বাগত বক্তব্য দেন উপকমিশনার (সদর) শ্যামল কুমার নাথ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপকমিশনার (উত্তর) বিজয় বসাক, সিএমপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিবলী সাদিক, সিনিয়র সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান, পাহাড়তলী থানার ওসি মো. মাইনুর রহমান।
