নেইমারকে নিয়ে ‘মতৈক্য হয়নি’ বার্সা-পিএসজির

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০২:৫৮ পিএম

নেইমারের দল-বদল নিয়ে বার্সেলোনার সঙ্গে এখনো কোনো মতৈক্য হয়নি বলে জানিয়েছেন পিএসজির ক্রীড়া বিষয়ক পরিচালক লিওনার্দো।

পিএসজি থেকে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। এ ব্যাপারে গত বৃহস্পতিবার আলোচনায় বসলেও দুই ক্লাবের প্রতিনিধিরা কোনো মতৈক্যে পৌঁছাতে পারেনি।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, নেইমারকে ফিরে পেতে পিএসজিকে ২০ কোটি ইউরো প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। বড় অঙ্কের এই অর্থ দেওয়ার পাশাপাশি পিএসজিকে বেশ কয়েকজন খেলোয়াড়কেও লোনে দিতে রাজি রাজি তারা। এ ব্যাপারে উভয় ক্লাব একমত হয়েছে বলেও গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু পিএসজির পরিচালক লিওনার্দো জানালেন, নেইমারের ব্যাপারে বার্সেলোনার শর্তগুলো তাদের চাওয়ার সঙ্গে মানানসই নয়।

সোমবার শেষ হচ্ছে লা লিগায় খেলোয়াড়দের দল-বদলের মৌসুম। এখন পর্যন্ত নেইমারের বল-বদল নিয়ে কোনো সুরাহায় পৌঁছাতে পারেনি বার্সেলোনা-পিএসজি।

প্রসঙ্গত, ২০১৭ সালে বিশ্ব রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লিখিয়েছিলেন নেইমার। কিন্তু শুরু থেকেই গুঞ্জন ছিল প্যারিসের ক্লাবটিতে সুখে নেই আক্রমণভাগের এই খেলোয়াড়। ফিরে আসতে চান বার্সেলোনায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত