সেই কাজ করতে চাই যা চ্যালেঞ্জের মুখে ফেলে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৮ এএম

এ সময়ে ছোটপর্দার ব্যস্ত অভিনেতা ইরফান সাজ্জাদ। ধারাবাহিক নাটকে খুব একটা দেখা যায় না তাকে। খ- নাটকেই এখন মূল ব্যস্ততা। সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

আজকের ব্যস্ততা

আজ চ্যানেল আইয়ের একটি নাটকের শ্যুটিং করছি। নাটকটির নাম ‘ভালো ছেলে’। নির্মাণ করছেন মেজবাহ শিকদার। দীর্ঘদিন পর তিনি নাটক বানাচ্ছেন। এর আগে তার পরিচালনায় ‘এক্স গার্লফ্রেন্ড, অন্য আকাশ’সহ বেশকিছু ভালো নাটকে আমি অভিনয় করেছি। তার সঙ্গে কাজ করতে সব সময় ভালো লাগে। আজকের নাটকটির গল্প খুব সুন্দর। নাটকটির পটভূমি গ্রামকে নিয়ে। এখানে আমি শহর থেকে পড়াশুনা করা একটি শিক্ষিত ছেলে। অন্যদের মতো শহরে একটি ভালো ক্যারিয়ার গড়ার বদলে আমি গ্রামে চলে যাই। কারণ আমি গ্রামের হতদরিদ্র, কম শিক্ষিত, সাদা মনের মানুষগুলোর প্রকৃত অবস্থা সম্পর্কে জানি। তারা নিজেদের ন্যায্য অধিকারটুকু পায় না। কারণে অকারণে ঠকে। এসব থেকে অনন্ত একটি গ্রামের মানুষের যাতে পরিত্রাণ হয় এজন্যই তাদের পাশে দাঁড়াই। আমরা তো অনেক রকমের মজার ও রোমান্টিক নাটক করি। কিন্তু তার ভিড়ে সামাজিক বার্তা বহন করে এমন নাটকেও কাজ করা দরকার। এতে বিনোদনের পাশাপাশি মানুষকে কিছু হলেও ভালো চিন্তাভাবনা করতে শেখায়।

ঈদের পরের কাজ...

আমি ঈদে বেশ বড় ছুটি কাটিয়েছি। তাই এখনো খুব বেশি কাজ করা হয়নি। এরই মধ্যে মোট পাঁচটি নাটক করা হয়েছে। নাটকগুলো নির্মাণ করেছেন মাতিয়া বানু শুকু, অঞ্জন আইচ। এই মুহূর্তে মনে পড়ছে অঞ্জন আইচের পরিচালনায় ‘আমি আর নন্দিনী’ নাটকের কথা। এতে আমার সহশিল্পী সালহা খানম নাদিয়া। গল্পটি খুব খুব সুন্দর।

ঈদের কাজে সাড়া...

এবার ১৫টির বেশি নাটক প্রচার হয়েছে টেলিভিশন, ইউটিউব চ্যানেল ও অনলাইন স্ট্রিমিং সাইটে। এরমধ্যে মেহজাবিনের সঙ্গে ‘প্রেম তুমি আমি’, মমর সঙ্গে ‘সেনোরিটা’, শবনম ফারিয়ার সঙ্গে ‘ভাইয়ের প্রথম প্রেম’, তানজিন তিশার সঙ্গে ‘ম্যারেজ মেটেরিয়াল’ ও ‘ডুডল অব লাভ’, মৌসুমী হামিদের সঙ্গে ‘অথবা একটি উড়োজাহাজের গল্প’, সানজিদা প্রীতির সঙ্গে ‘আগুন মেয়ে’ নাটকগুলোতে ভালো সাড়া পেয়েছি। তবে আমার সবেচেয়ে প্রিয় কাজ ছিল নুসরাত ইমরোজ তিশার সঙ্গে করা ‘বকুল কথা’ নাটকটি। একজন অভিনয়শিল্পী হিসেবে আমি সেই কাজগুলো করতে চাই যা আমাকেই চ্যালেঞ্জের মুখে ফেলে। তখন মনপ্রাণ উজাড় করে সেই চরিত্রটি হয়ে ওঠার চেষ্টা করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত