বিজেপির মুখোশ খুলে দিয়েছে এনআরসি : মমতা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৭ এএম

আসামের নাগরিক তালিকাকে অভিসন্ধিমূলক ‘ব্যর্থ নাটকীয়তা’ হিসেবে আখ্যায়িত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নাগরিক তালিকার নাম করে বাংলাভাষীদের আসাম থেকে তাড়াতেই ভারতীয় জনতা পার্টি এমন উদ্যোগ নিয়েছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে।

টুইটবার্তায় মমতা বলেন, ‘নাগরিক তালিকা নিয়ে যারা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছিল, তাদের মুখোশ খুলে দিয়েছে এনআরসি। দেশকে জবাব দিতে হবে তাদের। দেশ ও সমাজের স্বার্থ পরিহার করে অসৎ উদ্দেশ্যে কাজ করলে এমনটাই ঘটে। বাংলাভাষী ভাইবোনদের জন্য খারাপ লাগছে। জাঁতাকলে পড়ে ভোগান্তির শিকার হতে হয়েছে তাদের।’

তিনি আরও বলেন, ‘শুরুতে আমি চূড়ান্তভাবে ব্যর্থ এনআরসি তালিকা নিয়ে মাথা ঘামাইনি। কিন্তু যখন একের পর এক তথ্য আসতে থাকে তখন আমরা হতবাক হয়ে দেখি এক লাখের বেশি গোর্খা জনগোষ্ঠীকে তালিকার বাইরে রাখা হয়েছে। বাস্তবতা হচ্ছে, হাজার হাজার প্রকৃত ভারতীয়কে তালিকার বাইরে রাখা হয়েছে। যাদের মধ্যে সিআরপিএফ এবং অন্য জওয়ানরা রয়েছেন। এমনকি প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলি আহমদের পরিবারের সদস্যের নামও তালিকায় নেই।’

তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের অভিযোগ, আসাম থেকে বাঙালিদের তাড়াতে এনআরসিকে হাতিয়ার করা হয়েছে। ‘সরকার কী করে এতটা হীনমন্য হতে পারে যে, একটা সকালে তারা নাগরিকত্ব তালিকা প্রকাশ করল এবং আসামের কয়েক দশকের বাসিন্দারা ঘরছাড়া হলেন?’ প্রশ্ন করেন তিনি। তালিকার বাইরে থাকা মানুষদের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে বলেও তিনি বলেন।

এদিকে পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে ‘বাংলাদেশি মুসলমানদের’ তাড়াতে পশ্চিমবঙ্গেও নাগরিক তালিকা করা হবে। তবে নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে হিন্দু শরণার্থীদের স্বার্থরক্ষায় সচেষ্ট থাকবে বিজেপি।

তিনি আরও দাবি করে বলেন, ভোটব্যাংক ধরে রাখতে সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশি মুসলমানদের অনুপ্রবেশে সহায়তা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। আমাদের দাবি, আসামের মতো পশ্চিমবঙ্গেও নাগরিক তালিকা চালু করা হোক। তৃণমূল কংগ্রেসের সরকার যদি এ কাজ করতে ইচ্ছুক না হয়, আমরা এটা কার্যকর করব। ২০২১ সালে ক্ষমতায় এলে রাজ্য থেকে বাংলাদেশি মুসলিমদের তাড়িয়ে দেব।’

ভারতের এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ব্যাপক উত্থান ঘটেছে বিজেপির। রাজ্যে বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল যেখানে ২২টি আসনে বিজয়ী হয়েছে; সেখানে ১৮ আসনে বিজয়ী হয়েছে বিজেপি। এর ধারবাহিকতায় আগামী বার পশ্চিমবঙ্গে রাজ্য সরকার গঠনের স্বপ্ন দেখছে নরেন্দ্র মোদির দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত