১০৪ কোটি টাকা আত্মসাৎ

কমার্স ব্যাংকের দুই কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৭ এএম

ব্যাংক হিসাবে টাকা জমা না থাকার পরও টাকা তুলে নিয়ে আত্মসাৎ করার সুযোগ দেওয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের দুই কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে গতকাল রবিবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আসামিদের বিরুদ্ধে ১০৪ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার ৯২৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে জানিয়েছেন। তিনি আরও জানান, মামলার আসামিরা হলেন বাংলাদেশ কমার্স ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক ও সাবেক নির্বাহী সহ-সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন, একই শাখার সাবেক জুনিয়র অফিসার মো. নিজাম উদ্দিন, চট্টগ্রামের ডবলমুরিং এলাকার মেসার্স আক্তার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নূর-উন-নবী, ডবলমুরিংয়ের বাসিন্দা কাজী শরীফ আহমেদ, ডবলমুরিংয়ের মেসার্স শাহজালাল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আনোয়ার মিয়া ও ডবলমুরিং দেওয়ানহাটের বাসিন্দা আব্দুল মজিদ।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতা অপব্যবহার করে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে গ্রাহকের হিসাবে টাকা না থাকা সত্ত্বেও টাকা উত্তোলন করার সুযোগ করে দেয়। বাংলাদেশ কমার্স ব্যাংকের আগ্রাবাদ শাখা ক্ষমতা বহির্ভূতভাবে ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমতি ছাড়া ও সহায়ক জামানত ছাড়া সীমা-অতিরিক্ত ঋণ ও আইএলসি (ইনল্যান্ড লেটার অব ক্রেডিট) সুবিধা দেয়। আসামিরা ২০০২ সাল থেকে ২০১৫ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে জালিয়াতির মাধ্যমে তুলে নেওয়া টাকার পরিমাণ ৪৫ কোটি এক লাখ ২১ হাজার ৯৪৭ টাকা। যার সুদ ৫৯ কোটি ৫৬ লাখ ২৫ হাজার ৯৮০ টাকা। মূল টাকা ও সুদ মিলিয়ে মোট পরিমাণ ১০৪ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার ৯২৭ টাকা।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত