রোহিঙ্গা কোনো রাজনৈতিক ইস্যু নয়: নাসিম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৩ পিএম

রোহিঙ্গা কোনো রাজনৈতিক ইস্যু নয় মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম রোহিঙ্গা সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক স্মরণ ও শোকসভায় তিনি একথা বলেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল উপমহাদেশের বাম প্রগতিশীল আন্দোলনের পথিকৃৎ, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদের স্মরণ ও শোকসভার আয়োজন করে।

নাসিম বলেন, প্রধানমন্ত্রী মানবিক দায় থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। এখন তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গা নিয়ে যারা চক্রান্ত করছেন বন্ধ করুন। রোহিঙ্গা কোনো রাজনৈতিক ইস্যু নয়।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা বলেন, ঐক্যের কারণে জঙ্গি দমন সম্ভব হয়েছে। আশা করি, রোহিঙ্গা সমস্যাও সবাই ঐক্যবদ্ধভাবে সমাধান করতে পারব।

এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা কমরেড মোজাফফর আহমদ। বঙ্গবন্ধুসহ মোজাফফর আহমদদের মতো দূরদর্শী নেতারা ছিলেন বলে দেশ স্বাধীন হয়েছিল। তারা ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। তাই বঙ্গবন্ধুর কন্যা নিজ হাতে ফুল দিয়ে মোজাফফর আহমদকে শ্রদ্ধা জানান।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ঐক্য না থাকলে কখনো টিকে থাকা বা কাজে সফলতা আসে না। ১৯৭১ এর ঐক্য স্বাধীনতা এনে দিয়েছে। ১৯৯০ সালের ঐক্য গণতন্ত্র এনে দিয়েছে। শেখ হাসিনার ডাকে আজকের মহা ঐক্য সোনার বাংলাদেশ উপহার দেবে।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মনজুর আহমেদ, কমরেড পঙ্কজ ভট্টাচার্য, কমরেড রাশেদ খান মেনন, কমরেড দিলীপ বড়ুয়া, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত