ব্যয়বহুল ভিডিও নিয়ে হাজির হচ্ছেন নিপুণ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৩ পিএম

জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণকে এখন আর নিয়মিত রূপালি পর্দায় দেখা যায় না। তবে একেবারে ছেড়েও দেননি। ভালো কাজ পেলে হাতছাড়া করেন না তিনি। ফলে আগের মতো সিনেমায় ব্যস্ত না থাকলেও নিজের জনপ্রিয়তার এতটুকু কমতি ঘটেনি। মাঝে মাঝে নাটক-টেলিফিল্মেও দেখা মেলে তার। তবে এই চিত্রনায়িকা এখন ব্যস্ত রয়েছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ’ নিয়ে। ‘টিউলিপ ফ্যাশন’ ও ‘টিউলিপ নেইলস এন্ড স্পা’ প্রতিষ্ঠান দুটি তারই।

ব্যবসায়িক ব্যস্ততার মাঝেই একটি ব্যয়বহুল মিউজিক ভিডিওতে কাজ করলেন নিপুণ। মজার খবর হলো, নিপুণ যে গানের মডেল হয়েছেন সেই গানটি গেয়েছেন তার বড় বোন নার্গিস আক্তার পলিন। শুধু তাই নয়, এই গানের ভিডিওতে পারফর্মও করেছেন পলিন।

সমপ্রতি কলকাতায় ৩০ লাখ টাকার বেশি বাজেটের এই ভিডিওর গানের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। গানটির শিরোনাম ‘রঙ’। দশদিন পর গানটি প্রকাশ হতে যাচ্ছে।

দেশ রূপান্তরকে নিপুণ বলেন, ‘আগামী ১২ই সেপ্টেম্বর দুপুরে একটি পাঁচ তারকা হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গানটি প্রকাশ করব আমরা।’

উল্লেখ্য, পলিন লন্ডনে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। সেখানেই তার সংসার ও কর্মজীবন। ছোটবেলা থেকেই তিনি গান পছন্দ করেন। নিয়মিত গেয়েও থাকেন বিভিন্ন অনুষ্ঠানে। তবে আনুষ্ঠানিকভাবে এই প্রথম বাজারে আসছে তার গাওয়া কোনো গান। গানটির ভিডিও নির্মাণের দায়িত্ব পালন করেছেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার পবন শেঠি ও বব। এ মিজানের কথায় পার্টি মুডের এই গানটির সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। শুটিং শেষে ভারতে সম্পাদনার কাজ হয়েছে ভিডিওটির। এটি দেশের জনপ্রিয় একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত