ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে। পাঁচটি ইউনিটে মোট ৭ হাজার ১১৮টি আসনের বিপরীতে এবার অনলাইনে আবেদন করেছেন ২ লাখ ৭৬ হাজার ৩৯১ জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য ৩৯ জন শিক্ষার্থী লড়বে।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য বলেন, মঙ্গলবার রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়ার শেষ সময়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, এবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে ১ হাজার ৭৯৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ৯৭০ জন। প্রতি আসনের জন্য লড়বেন ৪৯ জন।
কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে আবেদন করেছে ৪৫ হাজার ৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনে লড়বেন ১৮ জন।
ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ২৮ হাজার ৯৫৮ জন। প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী ২৩ জন।
সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৬০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৭ হাজার ৪৬৪ জন। বরাবরের মতো বিভাগ পরিবর্তনের ইউনিটে বেশি সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন। সে হিসেবে একটি আসনের জন্য লড়বেন ৬২ জন ভর্তিচ্ছু।
চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৫ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য লড়বেন ১১৮ জন ভর্তিচ্ছু।
১৩ সেপ্টেম্বর ‘গ’ ইউনিটের পরীক্ষা দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। ‘ক’ ইউনিটের ২০ সেপ্টেম্বর, ‘খ’ ইউনিটের ২১ সেপ্টেম্বর, ‘ঘ’ ইউনিটের ২৭ সেপ্টেম্বর, ‘চ’ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষা ১৪ সেপ্টেম্বর ও অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। ‘ক’, ‘খ’, ও ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০ আগস্ট বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।
