রাজধানীর হাতিরঝিল থানায় করা নাশকতার মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ৮ শীর্ষ নেতা।
ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারীর আদালতে গতকাল সোমবার তারা হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি নিয়ে বিচারক প্রত্যেককে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
ফখরুল ছাড়া অন্য সাত আসামি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, গয়েশ^র চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।
পুলিশের কাজে বাধা দেওয়া, হামলা ও নাশকতার অভিযোগে গত বছরের ১ অক্টোবর হাতিরঝিল থানায় বিএনপির শীর্ষ এই ৮ নেতাসহ ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
পরে এই ৮ জন আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করলে ২ অক্টোবর মওদুদ আহমদকে এবং ৩ অক্টোবর অন্য সাতজনকে এই মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেয় হাইকোর্ট। আসামিপক্ষের অন্য আইনজীবী নুরুজ্জামান তপন দেশ রূপান্তরকে জানান, হাইকোর্টের ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে সর্বোচ্চ আদালত তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় গতকাল বিএনপির এই ৮ নেতা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন মঞ্জুর করে।
মামলার নথিপত্র অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে গত বছরের ৩০ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় মির্জা ফখরুলসহ দলটির কেন্দ্রীয় নেতারা উসকানিমূলক বক্তব্য দেন। তাদের ওই বক্তব্যের পর রাতে মগবাজার রেলগেট এলাকায় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে যান চলাচলে বাধা দিয়ে যানবাহন ভাঙচুর করে। এই অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়।
