জ্যামাইকা টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে ভালোই খেলছিল উইন্ডিজ। যদিও লক্ষ্য থেকে মধ্যাহ্ন বিরতির আগে ৩৬৩ রানে পিছিয়ে ছিল তারা। ৪ উইকেটে ১৪৫ রান তোলার পর লাঞ্চে গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু লাঞ্চ থেকে ফিরে টিকতে পারল না বেশিক্ষণ। গুটিয়ে যায় ২১০ রানে। ফলে ভারত দ্বিতীয় টেস্টে ২৫৭ রানের বড় জয় তুলে নিয়ে ৬০ পয়েন্ট পেল। আর দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০-তে জিতে ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষে বিরাট কোহলির দল।
উইন্ডিজের সামনে চতুর্থ ইনিংসে ৪৬৮ রানের বিশাল টার্গেট দেয় ভারত। তৃতীয় দিনে ব্যাটিং করতে নেমে ২ উইকেট হারিয়েছিল উইন্ডিজ। গতকাল রস্টন চেজও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ৯৮ রানে ৪ উইকেট হারানো উইন্ডিজের পক্ষে লড়াই শুরু করেন জার্মেন ব্ল্যাকউড (৩৮) ও ব্রুকস (৫০)। দুজনের আউটের পর অধিনায়ক হোল্ডার (৩৯) কিছুটা প্রতিরোধ গড়েন। শামি ও জাদেজা ৩টি করে উইকেট নেন।
