পিবিআই প্রধানকে সাক্ষী করতে পিটিশন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:২০ এএম

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদারকে সাক্ষী করতে আদালতে পিটিশন আবেদন করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন,

আজ মঙ্গলবার আদালতে বিষয়টি নিয়ে শুনানি হতে পারে। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা ফেনীর পিবিআই পরিদর্শক শাহ আলমের জেরা অব্যাহত রয়েছে। গতকাল সোমবার পঞ্চম দিনের মতো তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ এপ্রিল নুসরাতকে ওই মাদ্রাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা তার শরীরে আগুন ধরিয়ে দেয়। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ১০ এপ্রিল তিনি মারা যান।
আসামিপক্ষের আইনজীবী আহসান কবির বেঙ্গল বলেন, গত রবিবার তদন্ত কর্মকর্তা শাহ আলমকে জেরার সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘গত ১৩ এপ্রিল পিবিআইয়ের প্রধান কার্যালয়ে সংস্থাটির প্রধান নুসরাত হত্যাকাণ্ড বিষয়ে সংবাদ সম্মেলনে বেশ কিছু তথ্য দিয়েছিলেন।’ তাই তাকে এ মামলায় সাক্ষী হিসেবে উপস্থাপন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বেঙ্গল বলেন, আমরা সব প্যানেল আইনজীবী এ পিটিশনে স্বাক্ষর দিয়েছি। আদালত আজ পিটিশন গ্রহণের ওপর শুনানি করবে বলে কথা রয়েছে।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি হাফেজ আহাম্মদ বলেন, ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে গত ২৭ জুন থেকে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে। এ পর্যন্ত ৮৭ জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। এখন তদন্ত কর্মকর্তার জেরা চলছে। গতকালসহ মোট পাঁচ কার্যদিবস তাকে জেরা করা হয়। আজও তার জেরা চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত